জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের এক নারী শিক্ষার্থীকে হেনস্তার ঘটনায় বিচার দাবি এবং অপতথ্য ছড়িয়ে বিশ্ববিদ্যালয় ও স্থানীয়দের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ফোরাম নামের একটি সংগঠন নিষিদ্ধের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে প্রশাসনিক ভবনের সামনেই এই মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এই সময় তাদের প্ল্যাকার্ডে লেখা ছিল- সাইবার বুলিং বন্ধ করো, Stand with Kona, নারী শিক্ষার্থী হেনস্তা প্রশাসন কী করে, সাংবাদিক ফোরাম নিষিদ্ধ চাই, WE WANT JUSTICE, নারী শিক্ষার্থী হেনস্তা প্রশাসন চুপ কেন?
এসময় শিক্ষার্থীরা দুই দাবি নিয়ে আন্দোলন করেন। শিক্ষার্থীদের দাবি, নারী শিক্ষার্থীকে হেনস্তার ঘটনার সঙ্গে জড়িত সবাইকে শাস্তির আওতায় আনতে হবে এবং সাংবাদিক ফোরামের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
এ নিয়ে নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের শিক্ষার্থী রাফেল আফ্রাদ বলেন, আমাদের বিভাগে ক্যাম্পাসে বাইরে থেকে আসা কিছু ছেলের গোপনে ভিডিওধারণকে কেন্দ্র করে একটি ঘটনার সৃষ্টি হয়। আমরা চেয়েছিলাম তারা যেন তাদের ভুল বুঝতে পারে। কিন্তু সেই সময় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ফোরামের সদস্যরা সেখানে উপস্থিত হয়ে তাদের ভিডিওধারণ শুরু করেন, তখন ছেলেগুলো সেই সাংবাদিকের পায়ে ধরে এবং আমরা এই ভিডিওগুলো প্রচারে নিষেধ করি। কিন্তু এর পরেও তারা এই ভিডিও কাটপিস করে ভিউ ব্যবসার জন্য ভুলভাবে উপস্থাপন করে তাদের পেজ থেকে প্রচার করেন। যার ফলে এলাকাবাসীর সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বন্দ্বের সৃষ্টি হয়। এই কারণে আমরা এই হলুদ সাংবাদিকের কার্যক্রম নিষিদ্ধ চাই।
নৃবিজ্ঞান বিভাগে শিক্ষার্থী শাহরিয়ার জামান লেলিন বলেন, সাংবাদিকতার নামে অপ-সাংবাদিকতা, ভুয়া তথ্য ছড়ানো এবং উস্কানিমূলক মন্তব্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয়দের মাঝে বিভেদ তৈরি করেছে সাংবাদিক ফোরাম। এই হলুদ সংগঠনের আমরা কার্যক্রম নিষিদ্ধ চাই এবং বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের হেনস্তাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারপূর্বক উপযুক্ত শাস্তি চাই।
শিক্ষার্থীদের এই আন্দোলনে উপস্থিত হয়ে উপাচার্য ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, আমরা আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের দাবি মেনে নেব।
আরটিভি/এসএস




