বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেছেন, বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে দক্ষ, নেতৃত্বগুণসম্পন্ন ও আন্তর্জাতিক মানের ‘কোয়ালিটি গ্রাজুয়েট’ গড়ে তুলতে সহশিক্ষা কার্যক্রমের কোনো বিকল্প নেই।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) 'এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ ফর প্রোডিউসিং কোয়ালিটি গ্র্যাজুয়েটস' শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
রবিবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সম্মেলন কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
এসময় বাকৃবি উপাচার্য আরও বলেন, সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মন-মানসিকতার ইতিবাচক পরিবর্তন ঘটায় এবং পরবর্তী জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখে। আমি আশা করি শিক্ষার্থীদের আরও দক্ষ ও যোগ্য করে তোলার মাধ্যমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে আরও এগিয়ে যাবে।
জানা যায়, শিক্ষার্থীদের দক্ষ, নেতৃত্বগুণসম্পন্ন ও মানসম্মত গ্রাজুয়েট হিসেবে গড়ে তুলতে সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরতে বাকৃবির বিভিন্ন সক্রিয় ছাত্র সংগঠনের সদস্যদের অংশগ্রহণে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
আইকিউএসি'র পরিচালক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে এবং সহযোগী পরিচালক অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুকের সঞ্চালনায় আয়োজিত সেমিনারে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. বাহানুর রহমান এবং কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান।
মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান। এছাড়া আলোচক হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম ফারুক, বাকৃবি ডিবেটিং সংঘের সভাপতি অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান এবং সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ। এছাড়াও সেমিনারের শেষে বিভিন্ন সংগঠনের সদস্যদের অংশগ্রহণে মুক্ত আলোচনার আয়োজন করা হয়।
আরটিভি/ এসকেডি



