টানা ১৬ ঘন্টার বেশি সময় ধরে বিদ্যুৎবিহীন খাগড়াছড়ি। ভোর রাত থেকে মঙ্গলবার সারাদিন বিদ্যুতের দেখা নেই কোথাও।
চেঙ্গী স্কয়ার, বটতলী, পানখাইয়া পাড়া, ভাঙ্গব্রিজ ও পুলিশ সুপার কার্যালয় রাত সোয়া দশটার দিকে বিদ্যুৎ আসলেও তা দশ মিনিটের স্থায়ী হয়।
শহরের ভাঙাব্রিজ ও মহিলা কলেজ এলাকায় বিদ্যুৎ থাকলেও মূল শহরে নেই। সন্ধ্যার পর থেকে ভূতুড়ে শহরে পরিণত হয়েছে যেনো খাগড়াছড়ি।
মঙ্গলবার রাত সাড়ে আটটা পর্যন্ত একটানা বন্ধ রয়েছে জেলায় বিদ্যুৎ সরবরাহ। বিদ্যুতের পাশাপাশি ইন্টারনেট ব্যবস্থায়ও ধীরগতি।
টানা ১৬ ঘণ্টার বেশি সময় ধরে বিদ্যুৎ না থাকায় বিপাকে পড়েছে জেলার বিদ্যুতের গ্রাহকরা। অনেকের বাসা-বাড়িতে নেই কোনো পানি। নষ্ট হবার সম্ভাবনায় রয়েছে ফ্রিজে মজুদ রাখা খাবারও।
রাত সাড়ে আটটার দিকে খাগড়াছড়ি বিদ্যুৎ বিতরণ বিভাগের উপ-সহকারি প্রকৌশলী আলাউদ্দীন সোহাগ জানান, জেলার মাটিরাঙ্গা পর্যন্ত বিদ্যুৎ চালু হয়েছে। বর্তমানে গুইমারা থেকে খাগড়াছড়ি পর্যন্ত লাইনের সমস্যা থাকায় জেলা শহরে বিদ্যুৎ নাই।
তিনি নিজেও আলুটিলা এলাকায় বিদ্যুতের লাইন মেরামতের জন্য কাজ করছেন বলে জানিয়ে বলেন, প্রথমে হাটহাজারি থেকে নাজিরহাট, নাজিরহাট থেকে মানিকছড়ি পর্যন্ত বৈদ্যুতিক লাইনে ফল্ট ছিল। এর মধ্যে ঝড়ো বাতাসের কারণে দীর্ঘ বৈদ্যুতিক লাইনে গাছ ও গাছের ঢাল পালা পড়ায় লাইন ফল্ট হয়েছে।
লাইনের কাজ শেষ হলে রাতের মধ্যে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে বলেও জানান তিনি।
কে/এপি



