ভারতের দক্ষিণী সিনেমায় আলোড়ন তোলা আলোচিত ছবি ‘কানতারা: চ্যাপ্টার ১’ এখন সিনেমাপ্রেমীদের মুখে মুখে। গত ২ অক্টোবর মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তোলা এই প্রিক্যুয়েল সিনেমাটিতে যেমন চমক দেখিয়েছেন পরিচালক-অভিনেতা ঋষভ শেঠি, তেমনি নতুন আলোচনার জন্ম দিয়েছেন সিনেমার লাস্যময়ী অভিনেত্রী রুক্মিণী বসন্ত।
‘কানতারা ২’-তে রুক্মিণী যতক্ষণ পর্দায় ছিলেন, ততক্ষণ যেন দর্শক চোখ ফেরাতে পারেননি। ঋষভ শেঠির বিপরীতে দাঁড়িয়ে অভিনয়ে নিজের জাত চিনিয়েছেন এই তরুণী অভিনেত্রী। শুধু অভিনয় নয়, তার রূপ, লাবণ্য ও উপস্থিতি এক অনন্য মাত্রা যোগ করেছে পুরো চলচ্চিত্রে।
বিশেষ করে আবেগঘন দৃশ্যগুলোতে তার স্বাভাবিক ও গভীর অভিনয় দর্শকের মনে দাগ কেটেছে। শেষ অংশে তার ভিন্নরূপে উপস্থিতি দর্শকদের চমকে দিয়েছে।
‘কানতারা ২’-এর সফলতার সঙ্গে পাল্লা দিয়ে রুক্মিণীর জনপ্রিয়তাও আকাশ ছুঁয়েছে। দক্ষিণী চলচ্চিত্র ইন্ডাস্ট্রির নতুন মুখ হওয়ায় রুক্মিণীকে নিয়ে শুরু হয়েছে নির্মাতাদের নতুন নতুন পরিকল্পনা। বলিউড থেকেও আগ্রহের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
রুক্মিণী এরই মধ্যে দুটি কন্নড় সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এছাড়া এনটিআর-নীল জুটির পরিচালনায় একটি নতুন প্রজেক্ট ও সুপারস্টার যশের বিপরীতে ‘টক্সিক’-এর মতো বিগ বাজেট সিনেমায় নাম লিখিয়েছেন তিনি। পাশাপাশি তামিল সিনেমাতেও নজর দিচ্ছেন এই উঠতি অভিনেত্রী।
নিজের ক্যারিয়ার প্রসঙ্গে রুক্মিণী বলেন, ‘কানতারা ২’ আমাকে শুধু পরিচিতিই দেয়নি বরং নতুন চ্যালেঞ্জও এনে দিয়েছে। দর্শকদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রেরণা। সামনে আমি আরও বৈচিত্র্যময় চরিত্রে কাজ করতে চাই।
‘কানতারা: চ্যাপ্টার ১’ ইতিমধ্যে বক্স অফিসে বিশাল সাফল্য পেয়েছে। বাণিজ্য বিশ্লেষক স্যাকনিল্ক-এর তথ্যমতে, মুক্তির মাত্র তিন দিনেই ভারতে সিনেমাটি আয় করেছে ১৯৫.৫ কোটি টাকা আর বিদেশে আয় ২২.৫ কোটি। সর্বমোট বিশ্বব্যাপী আয় ২১৮ কোটি টাকা।
আরটিভি/কেআই




