ইরান ও মুসলিম বিশ্বের অন্যতম নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে একসঙ্গে চলছে শোক আর আনন্দ প্রকাশ। এমন পরিস্থিতিতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের মুক্তিদাতা বলে মন্তব্য করেছেন ইরানি অভিনেত্রী মান্দানা কারিমি।
ইরানে গণতন্ত্র ও নারী অধিকার প্রতিষ্ঠায় প্রকাশ্যেই খামেনির বিরোধিতা করেন মান্দানা। সম্প্রতি এ ইস্যুতে সোশ্যাল মিডিয়া পোস্টে বিস্ফোরক মন্তব্য করে বর্তমানে আলোচনার কেন্দ্রে তিনি।
‘বিগ বস’ খ্যাত এ ইরানি অভিনেত্রী সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, দীর্ঘদিনের কট্টরপন্থী শাসনের অবসান চান তিনি। তাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি সমর্থন করেন।
তার মতে, ট্রাম্পই পারেন ইরানের গভীর ‘অন্ধকার’-এর মুক্তিদাতা হতে। আমেরিকার হস্তক্ষেপ এবং ট্রাম্পের বলিষ্ঠ নেতৃত্বেই এবার হতে পারে ইরানি জনগণের ভাগ্যবদল, এমনটা আশা প্রকাশও করেন অভিনেত্রী।
মান্দানার এমন পোস্ট মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। একদিকে যখন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী ফারহানা ভাট খামেনির মৃত্যুকে ‘ব্যক্তিগত ক্ষতি’ বলে চোখের জল ফেলছেন, তখন মান্দানার এই প্রকাশ্য উল্লাস নেটিজেনদের দুই ভাগে বিভক্ত করে।
এর আগেও মান্দানা ইরানের বর্তমান শাসনব্যবস্থার কট্টর বিরোধীতা করেছেন। দেশটিতে হিজাব বিরোধী আন্দোলনেও সরব হয়েছিলেন মান্দানা।
ইরানের তেহরানে জন্ম নেওয়া মান্দানা কারিমি কেবিন ক্রু হিসাবে কর্মজীবন শুরু করেন। এরপর নিজ দেশে মডেল হিসেবে পরিচিতি পান। মডেলিংয়ের সূত্র ধরে ২০১০ সালে মুম্বাই আসেন। ২০১৩ সালে রণবীর কাপুর অভিনীত ‘রয়’ সিনেমায় ছোট্ট একটি চরিত্রে অভিনয় করে বলিউডে পা রাখেন।
এরপর ‘ভাগ জনি’, ‘ম্যায় অউর চার্লস’, ‘কেয়া কুল হ্যায় হাম ৩’ বলিউড সিনেমাগুলোতে নিয়মিত দেখা যায় তাকে। তবে রিয়েলিটি টিভি শো ‘বিগ বস ৯’ এবং ‘লক আপ’-এ অংশ নিয়ে দ্বিগুণ জনপ্রিয় হয়ে ওঠেন ইরানি এ অভিনেত্রী।
আরটিভি/এমএইচজে




