অনেক শিশুর মাথায় একটি, আবার কারও কারও মাথায় দুটি বা তারও বেশি চুলের ঘূর্ণি দেখা যায়। এ নিয়ে সমাজে নানা ধরনের প্রচলিত বিশ্বাস রয়েছে। কেউ মনে করেন একাধিক ঘূর্ণি থাকলে শিশুর স্বভাব দুষ্টু হয়, আবার কেউ এটিকে সৌভাগ্য বা দুর্ভাগ্যের লক্ষণ বলে থাকেন। তবে এসব বিশ্বাসের বৈজ্ঞানিক ভিত্তি কতটা, সেটিই জানা জরুরি।
চুলের ঘূর্ণি কেন হয়?
চুলের ঘূর্ণি মূলত ভ্রূণ অবস্থায় মাথার ত্বকে চুলের ফলিকল যেভাবে গড়ে ওঠে, তার ফল। এটি একটি স্বাভাবিক শারীরিক বৈশিষ্ট্য। কারও মাথায় একটি, কারও দুটি বা তার বেশি ঘূর্ণি থাকতে পারে। এটি জন্মগত এবং সাধারণত স্বাস্থ্যগত কোনো সমস্যার ইঙ্গিত নয়।
প্রচলিত বিশ্বাস কী বলে?
লোকবিশ্বাস ও কিছু প্রাচীন শাস্ত্র অনুযায়ী, একটি ঘূর্ণি থাকলে ব্যক্তি শান্ত, ধীরস্থির, বাধ্য এবং সবার সঙ্গে সহজে মিশতে পারেন। দুটি ঘূর্ণি থাকলে ব্যক্তি কিছুটা চঞ্চল, দুষ্টু বা রাগী স্বভাবের হতে পারেন বলে বিশ্বাস করা হয়। ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণি থাকলে নিয়ম-শৃঙ্খলা মেনে চলার প্রবণতা বেশি থাকে বলে মনে করা হয়। ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণি থাকলে একগুঁয়ে ও প্রবল ইচ্ছাশক্তির অধিকারী হন বলে প্রচলিত ধারণা রয়েছে।
বিজ্ঞান কী বলছে?
বিশেষজ্ঞদের মতে, চুলের ঘূর্ণির সংখ্যা বা দিক দেখে কোনো ব্যক্তির চরিত্র, বুদ্ধিমত্তা, ভবিষ্যৎ বা আচরণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যায় না। এ ধরনের দাবির পক্ষে নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই।
শিশুর স্বভাব ও ব্যক্তিত্ব গড়ে ওঠে মূলত তার পারিবারিক পরিবেশ, শিক্ষা, সামাজিক অভিজ্ঞতা এবং জিনগত বিভিন্ন উপাদানের সম্মিলিত প্রভাবে।
অভিভাবকদের জন্য পরামর্শ
সন্তানের মাথায় একটি বা একাধিক চুলের ঘূর্ণি থাকলে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। এটি শরীরের স্বাভাবিক বৈচিত্র্যের অংশ। শুধু চুলের ঘূর্ণির ভিত্তিতে শিশুর চরিত্র বা ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত না নিয়ে তার শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক পরিবেশ নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আরটিভি/এসকে




