গরুর মাংসসহ ২ শতাধিক পণ্যের শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ , ১১:৫০ এএম


গরুর মাংসসহ ২ শতাধিক পণ্যের শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের সমালোচনা ও ক্ষোভের মুখে কফি, গরুর মাংসসহ দুই শতাধিক খাদ্যপণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) প্রেসিডেন্ট ট্রাম্প এ সংক্রান্ত একটি আদেশে স্বাক্ষর করেন এবং ইতোমধ্যে সেই আদেশ দেশজুড়ে কার্যকরও হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৫ নভেম্বর) রয়টার্সের খবরে জানা যায়, এয়ারফোর্স ১-এর ফ্লাইটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ট্রাম্প বলেন, কিছু খাদ্যপণ্যের দাম বেড়ে গিয়েছিল। বর্ধিত দাম কমাতে পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে তিনি মূল্যস্ফীতির আশঙ্কা উড়িয়ে দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের কোনো মূল্যস্ফীতি নেই।

আরও পড়ুন

প্রেসিডেন্ট ট্রাম্প শপথ গ্রহণের প্রায় আড়াই মাস পর গত ২ এপ্রিল বিশ্বের ১০০টিরও বেশি দেশের ওপর বর্ধিত রপ্তানি শুল্ক আরোপ করেন। ট্রাম্প একে ‘যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা’ হিসেবে উল্লেখ করেছিলেন।

বিজ্ঞাপন

এই অতিরিক্ত শুল্কের কারণে মার্কিন বাজারে এশিয়া, লাতিন আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা খাদ্য ও কৃষিজ পণ্যের সরবরাহ কমে যায়, যার ফলে পণ্যের দাম ব্যাপকভাবে বেড়ে যায়।

যুক্তরাষ্ট্রের খাদ্যপণ্যের বাজার বিষয়ক সূচক কনজ্যুমার প্রাইস ইনডেক্সের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের সেপ্টেম্বরের তুলনায় ২০২৫ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে গরুর মাংসের কিমার দাম বেড়েছিল ১৩ শতাংশ এবং স্টেকের দাম বেড়েছিল ১৭ শতাংশ। এছাড়া কলার দাম বেড়েছিল ৭ শতাংশ। সামগ্রিকভাবে সব খাদ্যপণ্যের দাম বেড়েছিল ২ দশমিক ৭ শতাংশ।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের খাদ্যপণ্য ব্যবসায়ীদের জাতীয় সংস্থা ফুড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের সাধারণ ভোক্তা, আমদানিকারক, উদ্যোক্তা এবং খাদ্য সরবরাহ চেইনের সঙ্গে সংশ্লিষ্ট সবাই লাভবান হবে।

ভবিষ্যতে শুল্কনীতিতে আরও পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, আমার মনে হয় না আর কোনো পরিবর্তনের প্রয়োজন আছে। আমরা শুধু একটু পিছিয়ে এসেছি। কফির দাম বেশ খানিকটা বেড়ে গিয়েছিল, খুব শিগগিরই তা স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission