ভারতের উত্তরপ্রদেশের আগ্রা শহরে সম্প্রতি এক অদ্ভুত দৃশ্য দেখা যাচ্ছে—একজন ব্যক্তিকে তার চার চাকার গাড়ির ভেতরে চালকের আসনে বসে হেলমেট পরে গাড়ি চালাতে দেখা গেছে। গত কয়েকদিন ধরে এই দৃশ্যটি শহরের রাস্তায় ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে এবং তার এই হেলমেট পরা অবস্থার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। খবর এনডিটিভির।
এনডিটিভির প্রতিবেদনে থেকে জানা যায়, ওই ব্যক্তির নাম গুলশন, যিনি আগ্রার বাসিন্দা এবং পেশায় একজন শিক্ষক। পথচারীরা অবাক হয়ে প্রশ্ন তুললেও, গুলশন জোর দিয়ে বলেছেন, এর পেছনে একটি বিশেষ কারণ রয়েছে, আর তা হলো পুলিশের ভয়!
গুলশন জানান, গত ২৬ নভেম্বর তিনি সিটবেল্ট পরেই গাড়ি চালাচ্ছিলেন। কিন্তু এরপরও পুলিশ তাকে হেলমেট না পরার জন্য জরিমানা করে। গুলশনের ভাষ্য, এই আজব জরিমানা হওয়ার পর থেকেই তিনি প্রতিবাদ স্বরূপ হেলমেট পরেই গাড়ির আসনে বসছেন।
তিনি বলেন, জরিমানা হয়েছে। তাই এখন থেকে হেলমেট পরেই থাকব। আমার নামে আবার চালান আসুক, সেটা চাই না। কার্যত পুলিশের ভুলের প্রতিবাদ করতে গিয়েই তিনি এই অভিনব পন্থা বেছে নিয়েছেন।
গুলশনের এই হেলমেট পরে গাড়ি চালানোর ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক রসিকতার জন্ম দিয়েছে। নেটিজেনদের কেউ কেউ এটিকে 'ভিতু চালকের ডাবল সুরক্ষার ব্যবস্থা' বলে মন্তব্য করেছেন, আবার কেউ কেউ পুলিশের এই ধরনের জরিমানা নিয়ে কঠোর সমালোচনা করেছেন। কেউ কেউ আবার বলছেন, ভাইরাল হওয়ার জন্যই গুলশন হেলমেট পরে গাড়ি চালাচ্ছেন।
উল্লেখ্য, এর আগেও ২০২৪ সালে উত্তরপ্রদেশের ঝাঁসির বাসিন্দা বাহাদুর সিং পরিহারকে অডি গাড়ি চালানোর সময় হেলমেট না থাকায় ১ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। চার চাকার গাড়ির জন্য হেলমেটের জরিমানা—এই ধরনের ঘটনা উত্তরপ্রদেশের ট্র্যাফিক পুলিশকে বারবার প্রশ্নের মুখে ফেলছে।
আরটিভি/এআর




