বাংলাদেশ থেকে উড়ে যাওয়া একটি বিশাল আকৃতির গ্যাস বেলুন ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের কাছার জেলায় গিয়ে পড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার জেলার বরখোলা এলাকার একটি কৃষিজমিতে বেলুনটি নেমে আসে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বেলুনটি বাংলাদেশ থেকে উড়ে এসেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বেলুনটিতে বাংলাদেশের সিলেট জেলার ঘিলাছড়া দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের নাম লেখা ছিল। এছাড়া এতে তিনজন ব্যক্তির ছবি এবং বাংলায় কিছু লেখা দেখা যায়।
অস্বাভাবিকভাবে বড় আকারের বেলুনটি মাঠে নেমে আসতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামবাসীরা প্রথমে বিষয়টি ভিলেজ ডিফেন্স পার্টিকে (ভিডিপি) জানায়। পরে ভিডিপির সদস্যরা কাছার জেলা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে কাছার জেলা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। জেলার জ্যেষ্ঠ পুলিশ সুপার পার্থ প্রতীম দাস নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশের পৌঁছানোর আগেই সেখানে বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়।
কীভাবে বেলুনটি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে আসামের কাছার জেলায় পৌঁছাল এবং এর সঙ্গে কোনো নিরাপত্তা ঝুঁকি জড়িত আছে কি না তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
সূত্র: এনডিটিভি
আরটিভি/এসকে





