ভারতে রেস্তোরাঁয় গরুর মাংস পরিবেশনের অভিযোগে ওয়েটার গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬ , ১০:১৩ পিএম


ভারতে রেস্তোরাঁয় গরুর মাংস পরিবেশনের অভিযোগে ওয়েটার গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

কলকাতার পার্ক স্ট্রিট এলাকার বহুল পরিচিত বার-কাম-রেস্তোরাঁ ‘অলিপাব’-এ এক অভিনেতা ও ইউটিউবারকে খাসির মাংসের বদলে গরুর মাংস পরিবেশনের অভিযোগে এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

অভিযোগকারী অভিনেতা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তী জানান, শুক্রবার (৩০ জানুয়ারি) তিনি দুই বন্ধুকে নিয়ে ওই রেস্তোরাঁয় খাসির স্টেক অর্ডার করেছিলেন। তবে তাদের দাবি, অর্ডার অনুযায়ী খাবার না দিয়ে তাদের গরুর মাংস পরিবেশন করা হয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যেখানে সায়ক পুরো বিষয়টি ব্যাখ্যা করেন।

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আমরা পার্ক স্ট্রিটের একটি বড় রেস্তোরাঁয় খাসির স্টেক অর্ডার করেছিলাম। কিন্তু আমাদের গরুর মাংস দেওয়া হয়। তারা কিছু না জানিয়েই খাবার রেখে যায়। আমরা ভেবেছিলাম এটি খাসির মাংস। পরে আরেকটি ডিশ (খাবারের আইটেম) এনে কর্মীরা জানান, আগেরটি ছিল গরুর মাংস।

বিজ্ঞাপন

ভিডিওতে সায়ক ও সংশ্লিষ্ট ওয়েটারের মধ্যে কথোপকথনও ধরা পড়ে। সেখানে সায়ক প্রশ্ন তোলেন, কীভাবে খাসির মাংসের অর্ডার গরুর মাংস হিসেবে ‘ভুল শোনা’ হতে পারে। ওই সময় ওয়েটার ভুল হয়েছে বলে স্বীকার করেন।

পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন সায়ক নিজের ধর্মীয় পরিচয়ের প্রসঙ্গ তোলেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আপনি কীভাবে এমন ভুল করতে পারেন? আমি ব্রাহ্মণ, আমি খাসির মাংস চেয়েছিলাম, আর আপনি আমাকে গরুর মাংস পরিবেশন করলেন?

বিজ্ঞাপন

এ ঘটনার পর সায়ক পার্ক স্ট্রিট থানায় লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা করে এবং শনিবার (৩১ জানুয়ারি) রেস্তোরাঁর এক কর্মীকে গ্রেপ্তার করে।

কলকাতা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ইউটিউবারের অভিযোগের ভিত্তিতে রেস্তোরাঁর এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। 
পাশাপাশি রেস্তোরাঁ কর্তৃপক্ষ ও অন্যান্য কর্মীদের ভূমিকাও তদন্তের আওতায় আনা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এদিকে এ ঘটনার ভিডিও প্রথমে সায়ক নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলেও পরে তা মুছে দেন। তবে ততক্ষণে ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পরে বিজেপি নেতা ও আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি ভিডিওটি পুনরায় পোস্ট করলে বিতর্ক আরও তীব্র হয়।

এই ঘটনার তীব্র নিন্দা করেছে বিজেপি। দলের নেতা কেয়া ঘোষ সামাজিক মাধ্যমে লিখেন, একজন পরিচিত ব্লগার ও অভিনেতা খাসির স্টেক অর্ডার করলেও তাকে গরুর মাংস পরিবেশন করা হয়। পরে এটিকে ভুল বলে চালানোর চেষ্টা করা হয়েছে। কেন বারবার হিন্দুদেরই সহজ টার্গেট করা হচ্ছে?

ঘটনাটি ঘিরে বর্তমানে রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সূত্র: এনডিটিভি

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission