বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে নিরঙ্কুশ জয় লাভ করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক বিশেষ টেলিফোন আলাপের মাধ্যমে তিনি তারেক রহমানকে এই ঐতিহাসিক বিজয়ের জন্য শুভেচ্ছা জানান। এ সময় মোদি বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার এবং দুই দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি রক্ষায় নয়াদিল্লির দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।
নির্বাচনি ফলাফল প্রকাশের পরপরই নরেন্দ্র মোদি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে এই আলাপচারিতার বিষয়টি নিশ্চিত করেছেন। ফেসবুক পোস্টে ভারতীয় প্রধানমন্ত্রী লেখেন, ‘তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। বাংলাদেশের জাতীয় নির্বাচনে অসাধারণ জয়ের জন্য আমি তাকে আন্তরিক অভিনন্দন জানাই। বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণে তার আগামী দিনের সকল প্রচেষ্টায় আমার পূর্ণ শুভেচ্ছা ও সমর্থন থাকবে।’
নরেন্দ্র মোদি দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বের কথা স্মরণ করে আরও লেখেন, ‘বাংলাদেশ ও ভারত কেবল প্রতিবেশী নয়, বরং আমরা দুটি ঘনিষ্ঠ বন্ধুপ্রতিম দেশ। আমাদের মধ্যে রয়েছে গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন। সেই ঐতিহ্যের প্রেক্ষাপটে আমি দুই দেশের সাধারণ মানুষের শান্তি ও অগ্রগতির প্রতি ভারতের চিরন্তন অঙ্গীকার পুনরায় ব্যক্ত করছি।’ আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে ভারত যে প্রতিশ্রুতিবদ্ধ, মোদির এই বিবৃতিতে সেটিই প্রতিফলিত হয়েছে।
আরটিভি/এআর




