ওমান উপসাগর ও হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের চলমান উত্তেজনার মধ্যেই একটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এতে দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছেন।
ভারতের গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বৃহস্পতিবার (৫ মার্চ) জানানো হয়, পালাউ প্রজাতন্ত্রের পতাকাবাহী তেলবাহী ট্যাংকার স্কাইলাইট ২২ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে। পরে ওমানের মুসান্দাম গভর্নরেট উপকূলের কাছে জাহাজটি হামলার শিকার হয়।
নিহতরা হলেন, ক্যাপ্টেন আশীষ কুমার (বাড়ি বিহার) ও ক্রু সদস্য দলীপ সিং (বাড়ি রাজস্থান)। সরকারি তথ্য অনুযায়ী, হামলার পর তাদের দেহাবশেষ উদ্ধার করা হয়। আগুনে তাদের দেহ পুড়ে যায়। ক্যাপ্টেন আশীষ কুমারের দেহাবশেষ তার কেবিন থেকে উদ্ধার করা হয়েছে।
সংবাদ সংস্থা পিটিআই জানায়, হামলার সময় দলীপ সিং জাহাজের সামনের অংশে ক্যাপ্টেন আশীষ কুমারের সঙ্গে অবস্থান করছিলেন।
ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার (এমএসসি) এক বিবৃতিতে জানায়, পালাউ পতাকাবাহী তেলবাহী ট্যাংকারটি মুসান্দাম গভর্নরেটের খাসাব বন্দর থেকে পাঁচ নটিক্যাল মাইল উত্তরে লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ট্যাংকারে মোট ২০ জন ক্রু সদস্য ছিলেন। তাদের মধ্যে ১৫ জন ভারতীয় ও ৫ জন ইরানি। জীবিত সবাইকে উদ্ধার করা হয়েছে।
তবে ট্যাংকারে কী ধরনের হামলা হয়েছিল, সে বিষয়ে এমএসসি বিস্তারিত কিছু জানায়নি। এর আগে ওমানের দুকম বন্দর এলাকায় ড্রোন হামলার ঘটনাও ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
আরটিভি/এসকে




