যেকোনো বিয়ের অনুষ্ঠানে নাচ, গান-বাজনা, আতশবাজি, হই-হুল্লোড় স্বাভাবিক ঘটনা। কিন্তু এমন একটি বিয়েবাড়ির দৃশ্য প্রকাশ্যে এসেছে, যা দেখার পর হতবাক নেটিজেররা। সেখানে বিয়ের আসরে ঢাক-ঢোলের বদলে একে-৪৭ থেকে গুলি বর্ষণ করেছেন উপস্থিত আত্মীয়রা।
এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভাইরাল ভিডিওতে দেখা গেছে, বিয়ের শোভাযাত্রা চলাকালীন কিছু অস্ত্রধারী ব্যক্তি বাতাসে এলোপাথাড়ি গুলি চালাচ্ছেন। আশপাশে থাকা অতিথিরা শান্তভাবে দৃশ্যটি দেখছেন। যেন স্বাভাবিক ঘটনা। পরিবেশ দেখে মনে হচ্ছে, এটি বিয়েরই একটি অংশ।
সংবাদ প্রতিবেদন অনুযায়ী, পশতুন সম্প্রদায়ের কিছু এলাকায় বিয়ে বা অন্যান্য আনন্দঘন অনুষ্ঠানে গুলি চালানো একটি প্রচলিত প্রথা। যদিও এটি সব জায়গায় বা সব পরিবারে ঘটে না, কিছু এলাকায় এটিকে এক ধরনের ঐতিহ্য বলে গণ্য করা হয়। ভিডিওটিতে একাধিক ব্যক্তির হাতে অস্ত্র দেখা গেছে। ফাঁকা মাঠের মতো চত্বরে খাটিয়ায় বসে রয়েছে বিভিন্ন বয়সের মানুষ- তারই মধ্যে আকাশের দিকে তাক করে এলোপাথাড়ি গুলি চালাচ্ছিলেন তরুণ ও মধ্যবয়স্করা।
এদিকে গুলির শব্দে কান চাপা দিয়ে খাটিয়ার নীচে আত্মগোপন করার চেষ্টা করছে শিশুরা এমন দৃশ্যও দেখা গেছে।
ইনস্টাগ্রামে ‘নাদির খান আলামি’ নামে একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করার পর এটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ভিডিয়োটি ইতোমধ্যেই কয়েক লাখ বার দেখা হয়েছে। এক লাখের বেশি লাইক জমা পড়েছে তাতে। কেউ কেউ একে ঐতিহ্য বলছেন, আবার কেউ একে দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক বলে আখ্যা দিচ্ছেন।
সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের একাংশের মতে, ‘উদ্যাপন করার আরও অনেক উপায় আছে। নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলা ঠিক নয়।
একজন লিখেছেন, এটা কি বিয়ে না শুটিং রেঞ্জ?, অন্য একজন বলেছেন, একটি ছোট্ট ভুল বিয়েবাড়িকে শোকের বাড়ি করে তুলতে পারে। সূত্র: আনন্দবাজার
আরটিভি/এমএইচজে



