গাজায় আবারও ইসরায়েলের হামলা, নিহত ১২ 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ , ১০:০৬ এএম


গাজায় আবারও ইসরায়েলের হামলা, নিহত ১২ 
ফাইল ছবি

গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা থাকলেও ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। 

শুক্রবার (২৪ এপ্রিল) পৃথক হামলায় অন্তত ১২ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি বাহিনী একটি পুলিশ গাড়ি লক্ষ্য করে ভয়াবহ হামলা চালায়। এই হামলায় আটজন নিহত হন, যার মধ্যে তিনজন সাধারণ পথচারী ছিলেন। হামলার সময় গাড়িটি স্থানীয় নিরাপত্তার কাজে নিয়োজিত ছিল। এছাড়া গাজা সিটিতে চালানো আরেকটি পৃথক হামলায় দুজন পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। এছাড়াও উত্তর গাজার বেইত লাহিয়ায় একটি আবাসিক বাড়িতে বোমা হামলা চালিয়ে আরও দুজন ফিলিস্তিনিকে হত্যা করা হয়।

আরও পড়ুন

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। 

মন্ত্রণালয় জানিয়েছে, পুলিশ বাহিনী গাজায় বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে এবং ত্রাণ বিতরণে সহায়তা করছে, তাদের ওপর এই নগ্ন হামলা বন্ধ করতে হবে। গাজার পুলিশ বাহিনী জনগণের দৈনন্দিন জীবন ও সেবার কাজে নিয়োজিত। তাদের লক্ষ্যবস্তু করে হত্যা করার কোনো বৈধতা আন্তর্জাতিক আইনে নেই।

বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, আন্তর্জাতিক সংস্থাগুলোর এই নীরবতা প্রকারান্তরে ইসরায়েলের অপরাধকে উৎসাহিত করছে। এর মাধ্যমে তারা পরোক্ষ সহযোগিতা করছে বলে গাজার কর্তৃপক্ষ দাবি করেছে। 

গাজার কর্তৃপক্ষের দাবি, ইসরায়েল পরিকল্পিতভাবে পুলিশ সদস্যদের হত্যা করছে। এর ফলে ওই এলাকায় অপরাধী চক্রগুলো সক্রিয় হয়ে উঠছে এবং সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়ে যাচ্ছে।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর মাস থেকে গাজায় ইসরায়েলের আগ্রাসন চলছে। এই দীর্ঘ সময়ে গাজার নিরাপত্তা ও ত্রাণ ব্যবস্থার ওপর বড় ধরনের আঘাত এসেছে। পুলিশ সদস্যদের ওপর নিয়মিত হামলার কারণে গাজার সাধারণ মানুষের জীবনযাত্রা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। ইসরায়েলি বাহিনী একদিকে যুদ্ধবিরতির কথা বলছে, অন্যদিকে প্রতিনিয়ত বেসামরিক এলাকায় হামলা চালাচ্ছে।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission