সিরিয়ার অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ বেশ কিছু পদ ও মন্ত্রণালয়ে বড় ধরনের পরিবর্তন এনেছেন প্রেসিডেন্ট আহমেদ আল শারা।
শনিবার (৯ মে) এক ডিক্রির মাধ্যমে তিনি এই রদবদল করেন। দেশটির সরকারি বার্তাসংস্থা সানার বরাতে বার্তাসংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট আল শারা তার আপন ভাই মাহেরকে সিরিয়ান প্রেসিডেন্সির সেক্রেটারি জেনারেল পদ থেকে সরিয়ে দিয়েছেন। তার জায়গায় নতুন দায়িত্ব দেওয়া হয়েছে হোমস প্রদেশের সাবেক গভর্নর আব্দুল রহমান বাদরেদ্দিন আল-আমআকে। প্রেসিডেন্টের এই সিদ্ধান্তকে প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে দেখা হচ্ছে।
এছাড়া মন্ত্রিসভাতেও বেশ কিছু রদবদল করা হয়েছে। তথ্যমন্ত্রী হামজা আলমুস্তাফাকে সরিয়ে সেই পদে খালেদ ফাওয়াজ জারুরকে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষিমন্ত্রী আমজাদ বদরকে সরিয়ে বাসেল হাফেজ আল-সুইদেনকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তবে গুরুত্বপূর্ণ এসব পদে কেন হঠাৎ পরিবর্তন আনা হয়েছে, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে দীর্ঘদিনের স্বৈরশাসক বাশার আল-আসাদকে গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে সিরিয়ার শাসনভার গ্রহণ করেন আহমেদ আল শারা। এরপর ২০২৫ সালের মার্চে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর তিনি পাঁচ বছরের জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন। শুরুতে তিনি নিজের ঘনিষ্ঠ ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসালেও এখন প্রশাসনে বড় ধরনের রদবদল শুরু করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রশাসনের নিয়ন্ত্রণ আরও মজবুত করতেই প্রেসিডেন্ট এই পদক্ষেপ নিয়েছেন।
আরটিভি/এআর




