ভোরে ঘুম থেকে ডাকায় স্ত্রীর ওপর রাগ করে আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৩ মে ২০২৬ , ১২:৩৪ পিএম


ভোরে ঘুম থেকে ডাকায় স্ত্রীর ওপর রাগ করে আত্মহত্যা
ছবি: কৃত্রিম বুুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের হাথরাস জেলার সিকান্দ্রারাও থানার অন্তর্গত রামপুর জাট্টারি গ্রামে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডার জেরে এক কৃষক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২১ মে) ভোরে ঘটে যাওয়া এ ঘটনায় নিহত কৃষকের নাম লালু সিং (৩৫)। তিনি স্ত্রী আশা দেবী, ছয় বছর বয়সী ছেলে আরভ এবং এক বছর বয়সী কন্যা আরোহীকে রেখে গেছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, লালু সিং প্রতিদিন সকাল ৮টার দিকে ঘুম থেকে উঠতেন। ঘটনার দিন ভোর ৫টার দিকে স্ত্রী আশা দেবী ছেলেকে স্কুলে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় রান্নাঘরের একটি লক হয়ে যাওয়া দরজা খোলার জন্য তিনি স্বামীকে ঘুম থেকে ডাকেন।

অসময়ে ঘুম থেকে তোলাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে লালু সিং স্ত্রীকে মারধর করেন বলেও অভিযোগ ওঠে। পরে ছেলে স্কুলে চলে গেলে আশা দেবী স্বামীকে চা বানিয়ে দেন।

সকাল ৭টার দিকে চা পান করার পর লালু সিং তার শ্যালককে ফোন করে বলেন, এটাই আমাদের শেষ কথা। আমি চলে যাচ্ছি। তোমার বোনকে দেখে রেখো।

এরপর তিনি নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণ পর ঘরের ভেতর থেকে গুলির শব্দ শুনতে পান পরিবারের সদস্যরা। স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে সিকান্দ্রারাও থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে বিছানার ওপর থেকে লালু সিংয়ের মরদেহ উদ্ধার করে। মরদেহের পাশ থেকে একটি অবৈধ দেশীয় পিস্তল জব্দ করা হয়েছে।

সিকান্দাররাও থানার স্টেশন হাউজ অফিসার (এসএইচও) শিব কুমার জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission