বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি চালু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

বুধবার, ২৪ জুন ২০২৬ , ১২:০৬ পিএম


বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি চালু
ছবি: সংগৃহীত

এবার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন ভিসা নীতি চালু করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দেশটিতে বৈধভাবে বসবাসের নিয়মে বড় পরিবর্তনের অনুমোদন এসেছে। সম্প্রতি হোয়াইট হাউজ এমনই একটি প্রস্তাবিত বিধিমালার অনুমোদন দিয়েছে। এতে দীর্ঘদিনের ডিউরেশন অব স্ট্যাটাস ব্যবস্থা বাতিল করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে।

সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি হোয়াইট হাউজ দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির প্রস্তাব করা নতুন ভিসা নীতি অনুমোদন করেছে। এতে শিক্ষার্থী, এক্সচেঞ্জ ভিজিটর এবং বিদেশি গণমাধ্যম প্রতিনিধিদের জন্য উন্মুক্ত মেয়াদের ভিসা বাতিল  হয়ে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হবে।

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি অনুযায়ী, এখন থেকে শিক্ষার্থীরা আর ডিউরেশন অব স্ট্যাটাস বা খোলা মেয়াদের ভিসায় দেশটিতে অবস্থান করতে পারবেন না। সর্বোচ্চ চার বছরের ভিসা দেয়া হবে তাদের। আর ভিসার মেয়াদ শেষ হলে তা নবায়নের জন্য ডিএইচএসের অনুমোদনের প্রয়োজন হবে।

আরও পড়ুন

এছাড়া দেশটিতে অবস্থানরত বর্তমানে আন্তর্জাতিক শিক্ষার্থীরা যদি পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে নিবন্ধিত থাকেন এবং নিয়ম অনুযায়ী পড়ালেখা করলে তাদের কোর্স শেষ হওয়া পর্যন্ত সেখানে থাকতে পারবেন। কিন্তু নতুন নিয়ম বাস্তবায়ন হলে শিক্ষার্থীদের একটি নির্দিষ্ট সময় থাকতে বৈধতার অনুমোদন প্রদান করা হবে। সময় শেষ হলেও পড়ালেখা চালিয়ে যেতে চাইলে মেয়াদ বাড়ানোর জন্য নতুন করে আবেদনের প্রয়োজন হবে। অন্যাথায় যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে তাদের।

নতুন ভিসা নীতির প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, অধিকাংশ এফ-১ শিক্ষার্থীরা সর্বোচ্চ চার বছর থাকার জন্য অনুমতি পাবেন। চার বছরের বেশি সময়ের শিক্ষাক্রমের ক্ষেত্রে (গবেষণাভিত্তিক স্নাতকোত্তর বা পিএইচডি প্রোগ্রাম) অতিরিক্ত সময়ের জন্য অভিবাসন কর্তৃপক্ষ বরাবর আবেদন করে অনুমতি নেয়ার প্রয়োজন হবে।

পড়ালেখার সময় প্রোগ্রাম পরিবর্তন করা যাবে না। একটি স্তর শেষ করে তবেই উচ্চতর স্তরে ভর্তি হওয়া যাবে, একই বা নিম্ন স্তরে পরিবর্তন করার সুবিধা থাকবে না। পড়ালেখা বা ট্রেনিং শেষ হওয়ার পর নিজ দেশে ফেরার ক্ষেত্রে প্রস্তুতির সময় ৬০ দিন থেকে কমিয়ে তা ৩০ দিন নির্ধারণ করা হয়েছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীরা যত দিন ভিসার শর্ত পূরণ করেন, ঠিক ততদিন সেখানে অবস্থান করতে পারেন। তবে নতুন নিয়মে নির্দিষ্ট মেয়াদ শেষ হলে নবায়ন করতে হবে। এ ব্যাপারে কলেজ ও মেডিকেল সংগঠনগুলো আশঙ্কা করছে, নতুন এই নিয়মে অতিরিক্ত প্রশাসনিক জটিলতা তৈরি হবে। শিক্ষার্থীদের ডিগ্রি সম্পন্ন করায় বিঘ্ন সৃষ্টি হবে এবং গবেষণা ও দীর্ঘমেয়াদি পড়ালেখার জন্য আসা শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবেন।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission