ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

চীনে আছড়ে পড়েছে টাইফুন বাভি, বাতিল শত শত ফ্লাইট

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১১:৪৬ এএম
ছবি: সংগৃহীত

এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো শক্তিশালী টাইফুন আঘাত হেনেছে চীনে। শনিবার (১১ জুলাই) দেশটির পূর্ব উপকূলে আছড়ে পড়েছে টাইফুন ‘বাভি’। তবে এটি আঘাত হানার আগেই ঝুঁকিপূর্ণ এলাকা থেকে প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ঝড়ের প্রভাবে স্কুল-কলেজ, কর্মস্থল ও পরিবহনসেবা বন্ধ রাখা হয়েছে। বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রায় এক হাজার কিলোমিটার বিস্তৃত এই টাইফুনটি শনিবার সন্ধ্যায় প্রথমে উপকূলীয় তাইঝৌ শহরে আঘাত হানে। এরপর মধ্যরাতের দিকে দ্বিতীয়বারের মতো ওয়েনঝৌ শহরে স্থলভাগে আছড়ে পড়ে টাইফুনটি। জাপানের কয়েকটি দূরবর্তী দ্বীপে তাণ্ডব চালানোর পর তাইওয়ানের উত্তর প্রান্ত ঘেঁষে যাওয়ার সময় সেখানেও ভারী বৃষ্টিপাত হয়।

এর আগে টাইফুনের প্রভাবে সৃষ্ট ভূমিধসে ফিলিপাইনে অন্তত ১৭ জন নিহত হন। যদিও বাভি এখন দুর্বল হয়ে শক্তিশালী ক্রান্তীয় ঝড়ে পরিণত হয়েছে, তবুও এর বৃষ্টিবলয়ে থাকা বিপুল পরিমাণ জলীয় বাষ্পের কারণে এটি এখনো বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। তবে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে এর শক্তি কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার(১২ জুলাই) ঝেজিয়াং প্রদেশের পূর্বাঞ্চল এবং ফুজিয়ান প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলে ‘অত্যন্ত ভারী বৃষ্টিপাত’ হতে পারে। সম্ভাব্য সবচেয়ে খারাপ পরিস্থিতির কথা বিবেচনায় রেখেই মানুষকে ব্যাপকভাবে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শুধু ঝেজিয়াং প্রদেশ থেকেই ১৭ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি পাশের প্রদেশগুলো থেকেও হাজারো মানুষকে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে।

ঝেজিয়াংয়ে স্কুল, কর্মস্থল এবং খোলা আকাশের নিচের সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। বাতিল করা হয়েছে প্রায় ৪০০টি ফ্লাইট এবং কয়েক ডজন ট্রেন চলাচল। প্রায় এক কোটি মানুষের শহর ওয়েনঝৌ টাইফুনটির গতিপথের খুব কাছাকাছি থাকায় সেখান থেকেও কয়েক লাখ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া বেইজিংয়ে ঝুঁকি এড়াতে এক লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

আরও পড়ুন

এর আগে সোমবার(৬ জুলাই) বাভি সুপার টাইফুন হিসেবে গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জে ঘণ্টায় ২৯০ কিলোমিটার বেগের বাতাস নিয়ে আঘাত হানে। পরে প্রশান্ত মহাসাগর পাড়ি দেওয়ার সময় বাতাসের গতি কমে ঘণ্টায় ১৪৪ কিলোমিটারে নেমে এলেও এটি জাপানের রিউকিউ দ্বীপপুঞ্জের সাকিশিমা দ্বীপগুলোতে আঘাত হানে। এতে অন্তত পাঁচজন আহত হন এবং হাজারো মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েন। তাইওয়ানে টাইফুনটি সরাসরি আঘাত না হানলেও ভারী বৃষ্টির কারণে হাজারো মানুষকে ঘরবাড়ি ছাড়তে হয়েছে। সেখানে ভূমিধসের আশঙ্কাও দেখা দেয়। তবে জাপান ও তাইওয়ান—কোনো দেশেই এ ঘটনায় নতুন করে মৃত্যুর খবর পাওয়া যায়নি।

তাইওয়ানের কর্তৃপক্ষ আগেই সতর্ক করেছিল, বাভির প্রভাবে কোথাও কোথাও এক মিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। টাইফুনের কারণে কয়েক ডজন ফ্লাইট বাতিল করা হয়েছে এবং বিভিন্ন এলাকায় স্কুলে শ্রেণি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। প্রয়োজনীয় পণ্য মজুত করতে মানুষের ভিড়ে অনেক সুপারমার্কেটের তাক খালি হয়ে গেছে।

এদিকে গত সপ্তাহের শুরুতে আঘাত হানা টাইফুন ‘মায়সাক’-এর ক্ষয়ক্ষতি থেকে এখনো পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি দক্ষিণ চীনের বিভিন্ন এলাকা। মায়সাকের আঘাতে অন্তত ৩৯ জনের মৃত্যু হয়। বিপুলসংখ্যক গবাদিপশুও মারা যায়, যার ফলে কৃষি খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি হুবেই প্রদেশে দুটি টর্নেডোরও সৃষ্টি হয়।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গুলি করে সেনাবাহিনীর মেজরের মৃত্যুদণ্ড কার্যকরে অনুমোদন ট্রাম্পের
ফোর্ট হুডে ১৩ সেনাকে হত্যার দায়ে অভিযুক্ত সাবেক মার্কিন সেনা কর্মকর্তা নিদাল হাসানকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়ার দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটির সামরিক বাহিনীতে এই পদ্ধতিতে এটিই হবে প্রথম মৃত্যুদণ্ড।
গুলি করে সেনাবাহিনীর মেজরের মৃত্যুদণ্ড কার্যকরে অনুমোদন ট্রাম্পের
দুই নৌকার ভয়াবহ সংঘর্ষে কঙ্গোতে নিহত ৩০
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) কঙ্গো নদীতে দুই নৌকার সংঘর্ষে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বহু মানুষ নিখোঁজ রয়েছেন।
দুই নৌকার ভয়াবহ সংঘর্ষে কঙ্গোতে নিহত ৩০
সৌদির দুই বিমানবন্দরে হামলা
সৌদি আরবের দক্ষিণাঞ্চলের দুটি বিমানবন্দরে হামলায় তিনজন আহত হয়েছেন। হামলায় বিমানবন্দর দুটির বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতিও হয়েছে।
সৌদির দুই বিমানবন্দরে হামলা
ইমরান খানের পক্ষ নিয়ে পাকিস্তান সরকারের কড়া সমালোচনা করলেন রবি শাস্ত্রি
২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খান। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পাকিস্তান সরকারের কড়া সমালোচনা করেছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। এবার সেই তালিকায় যোগ দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক রবি শাস্ত্রি। তার মতে, রাজনৈতিক বিষয় বাদ দিলেও মানবিক দৃষ্টিকোণ থেকে কোনো মানুষের সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। সম্প্রতি  রিপাবলিক ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। রবি শাস্ত্রি বলেন, ইমরানের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা কোনোভাবেই তার প্রাপ্য নয়। শাস্ত্রির মতে, ইমরান শুধু পাকিস্তানের একজন রাজনৈতিক নেতা নন, ক্রিকেটবিশ্বেও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। ইমরানের সুস্বাস্থ্য কামনা করে শাস্ত্রি বলেন, ক্রিকেটে তার অবদান অসাধারণ। ইমরানকে নিজের দেখা অন্যতম সেরা নেতা হিসেবেও উল্লেখ করেন তিনি।  তরুণদের অনুপ্রাণিত করা এবং তাদের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ইমরানের অসাধারণ দক্ষতা ছিল বলে মন্তব্য করেন শাস্ত্রি। তার নেতৃত্বেই তুলনামূলক তরুণ একটি পাকিস্তান দল ১৯৯২ সালে বিশ্বকাপ জিতেছিল—সেটিও স্মরণ করেন তিনি। ইমরান কবে কারাগার থেকে মুক্তি পাবেন, এমন প্রশ্নে শাস্ত্রি আশা প্রকাশ করেন, তিনি দ্রুতই বেরিয়ে আসবেন এবং এরপর তার সঙ্গে আরও ভালো আচরণ করা হবে। দীর্ঘদিন ধরে কারাগারে থাকা ইমরানের অবস্থাকে অমানবিক বলেও মন্তব্য করেন তিনি।  ক্রিকেট ক্যারিয়ার শেষে রাজনীতিতে যোগ দেন পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন ইমরান।  দুর্নীতিসহ বিভিন্ন মামলায় তাকে একাধিক মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে ইমরান ও তার দল এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। কারাগারে থাকা অবস্থায় ইমরানের শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ বাড়ছে।  তার প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়ে গত আগস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি দেন ২১ জন সাবেক অধিনায়ক। এর আগে ফেব্রুয়ারিতেও ১৪ জন সাবেক অধিনায়ক একই দাবিতে সরকারের কাছে চিঠি দিয়েছিলেন। উল্লেখ্য, পাকিস্তানের হয়ে ইমরান খান ৮৮টি টেস্ট ও ১৭৫টি ওয়ানডে খেলেছেন ইমরান খান। ক্রিকেট ইতিহাসে পাকিস্তানের অন্যতম সেরা অধিনায়ক ও অলরাউন্ডার হিসেবে তার অবস্থান এখনো অমলিন। আরটিভি/এসআর
ইমরান খানের পক্ষ নিয়ে পাকিস্তান সরকারের কড়া সমালোচনা করলেন রবি শাস্ত্রি
পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন
চলতি বছরের নোবেল পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়েছে। ২০২৬ সালের পদার্থবিজ্ঞানে মর্যাদাপূর্ণ এ পুরস্কার পেয়েছেন বেলজিয়ান বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন।  মঙ্গলবার (৬ অক্টোবর) এ পুরস্কার ঘোষণা করা হয়। ১৯৪৪ সালে বেলজিয়ামের টিনেন শহরে জন্মগ্রহণ করেন হালজেন। বেলজিয়ামের কে ইউ লিউভেন থেকে ১৯৬৯ সালে পিএইচডি সম্পন্ন করেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রের উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন এই বিজ্ঞানী। রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস জানিয়েছে, ‘আইসকিউব নিউট্রিনো অবজারভেটরি’তে গুরুত্বপূর্ণ অবদান এবং মহাজাগতিক উৎস থেকে আসা উচ্চশক্তির নিউট্রিনো শনাক্ত করার ক্ষেত্রে অসামান্য ভূমিকার স্বীকৃতি হিসেবে হালজেনকে এ বছরের পদার্থবিজ্ঞানের নোবেল দেওয়া হয়েছে। দক্ষিণ মেরুর বরফকে কাজে লাগিয়ে নিউট্রিনো শনাক্ত করার ধারণার অন্যতম পথিকৃৎ হালজেন। তার এই চিন্তাই পরবর্তী সময়ে ‘আইসকিউব নিউট্রিনো অবজারভেটরি’ তৈরির ভিত্তি তৈরি করে।  প্রায় এক ঘনকিলোমিটার আয়তনের বিশাল বরফস্তরের মধ্যে স্থাপন করা হয়েছে অসংখ্য আলোকসংবেদী সেন্সর। এসব যন্ত্রের সাহায্যে মহাবিশ্বের দূরবর্তী শক্তিশালী বিভিন্ন উৎস থেকে পৃথিবীর দিকে ছুটে আসা নিউট্রিনো শনাক্ত করা হয়। ১৯৮৮ সালে দক্ষিণ মেরুর বরফ ব্যবহার করে নিউট্রিনো শনাক্ত করার ধারণা সামনে আনেন হালজেন। কোনো নিউট্রিনো যখন পরমাণুর নিউক্লিয়াসের সঙ্গে সংঘর্ষে জড়ায়, তখন সেখানে ক্ষীণ আলোর ঝলক তৈরি হতে পারে। দক্ষিণ মেরুর স্বচ্ছ ও গভীর বরফে স্থাপিত সংবেদনশীল সেন্সরের সাহায্যে সেই আলোর সংকেত শনাক্ত করা সম্ভব। গবেষণার জন্য দক্ষিণ মেরুর বরফকে উপযোগী করে তোলে এর কিছু বিশেষ বৈশিষ্ট্য। বাইরের নানা ধরনের প্রভাব থেকে তুলনামূলকভাবে সুরক্ষিত এই বিশাল বরফস্তর এবং ওই অঞ্চলের ভৌগোলিক স্থিতিশীলতা গবেষণার জন্য সুবিধাজনক পরিবেশ তৈরি করে। হালজেনের ধারণা তাই পরবর্তী সময়ে অন্য গবেষকদের সমর্থন পায় এবং দক্ষিণ মেরুতে সেন্সর স্থাপনের মাধ্যমে পরীক্ষামূলক কাজ শুরু হয়। উল্লেখ্য, ১৯০১ সাল থেকে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত এই বিভাগে ১১৯ বার পুরস্কার দেওয়া হয়েছে। মাত্র ২৫ বছর বয়সে সবচেয়ে কম বয়সী নোবেলজয়ী হিসেবে পদার্থবিজ্ঞানের পুরস্কার পেয়েছিলেন লরেন্স ব্র্যাগ। অন্যদিকে সবচেয়ে বেশি বয়সে এই পুরস্কার পাওয়া বিজ্ঞানী আর্থার আসকিন। ২০১৮ সালে ৯৬ বছর বয়সে পদার্থবিজ্ঞানে নোবেল অর্জন করেন তিনি। আরটিভি/এসআর
পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন
আরও পড়ুন
তাইওয়ান প্রেসিডেন্টের ছেলেকে নজরদারি, চীনা এজেন্ট সন্দেহে যুক্তরাষ্ট্রের আদালতে নারী
মায়ের পেটে থাকা শিশুর অস্ত্রোপচার, চিকিৎসকদের অসাধারণ সাফল্য
পরিকল্পিত নগরায়ণে মাস্টারপ্ল্যানের উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
‘দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার’