ভারতে ট্রেনে তরুণীকে উত্ত্যক্ত করে যুবক পেলেন ‘উচিত শিক্ষা’

আন্তর্জাতিক ডেস্ক,  আরটিভি নিউজ

শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ০২:৩৪ পিএম


ভারতে ট্রেনে তরুণীকে উত্ত্যক্ত করে যুবক পেলেন ‘উচিত শিক্ষা’
ছবি: সংগৃহীত

হাতে কাচের চুড়ি, ঠোঁটে লিপস্টিক আর পুরো মুখে মেকআপ, চারপাশের গাদাগাদি ভিড়ে ঠাসা ট্রেনের যাত্রীরা তা হাঁ করে দেখছেন। ভারতের মহারাষ্ট্রের একটি চলন্ত ট্রেনে এক তরুণীকে উত্ত্যক্ত করতে গিয়ে এভাবেই চরম লজ্জাজনক পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে এক ব্যক্তিকে।

মুখ বুজে সহ্য না করে ওই তরুণী যেভাবে সাহসের সঙ্গে প্রতিবাদ করেছেন, সেই অনন্য প্রতিবাদের ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের বদনেরা ও আকোলার মধ্যবর্তী লাইনে চলা একটি ট্রেনে। 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, ট্রেনের ভেতর অন্য যাত্রীদের উপস্থিতিতেই অভিযুক্ত ব্যক্তির মুখে লিপস্টিক ও মেকআপ মাখিয়ে দিচ্ছেন ওই তরুণী। একই সঙ্গে তার দুই হাতে পরিয়ে দিচ্ছেন চুড়ি। সম্পূর্ণ অপ্রস্তুত ও চরম বিব্রত হয়ে পড়া ওই ব্যক্তি তখন প্রতিরোধের কোনও সাহসই পাননি। অন্যদিকে ট্রেনের সহযাত্রীরাও এই প্রতীকী ও অহিংস প্রতিবাদে তরুণীর পাশে এসে দাঁড়ান। 

গণপরিবহনে নারীদের প্রতি শ্রদ্ধা বজায় রাখা এবং প্রকাশ্য স্থানে হেনস্তার তীব্র নিন্দা জানাতেই এই ব্যতিক্রমী প্রতিবাদের পথ বেছে নেন তিনি।

বগিতে ভেতরে থাকা অনেক যাত্রীই তরুণীর এই তাৎক্ষণিক সাহসিকতার জন্য হাততালি দিয়ে তাকে বাহবা জানান। ইন্টারনেট দুনিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকেই মন্তব্য করেছেন। অধিকাংশ নেটিজেনই তরুণীর অসীম সাহস এবং সহযাত্রীদের স্বতঃস্ফূর্ত সমর্থনের প্রশংসা করেছেন। 

অনেকে একে হেনস্তাকারীদের বিরুদ্ধে এক চমৎকার প্রতীকী জবাব হিসেবে আখ্যা দিয়েছেন, আবার কেউ কেউ গণপরিবহনে নারীদের সুরক্ষায় সাধারণ যাত্রীদের এভাবে এগিয়ে আসার গুরুত্ব তুলে ধরেছেন।

আরও পড়ুন

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হলেও আইনি বিশেষজ্ঞরা অবশ্য ভিন্ন মত দিয়েছেন। তাদের মতে, যে কোনও ধরনের হেনস্তার শিকার হলে ভুক্তভোগীদের উচিত আইন নিজেদের হাতে না নিয়ে পুলিশকে জানানো এবং অভিযুক্তের বিরুদ্ধে আনুষ্ঠানিক আইনি পদক্ষেপ নেওয়া।

সূত্র: ইন্ডিয়া টুডে

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission