শুনশান পরিবেশ, চারপাশে গা ছমছমে নীরবতা। এমন একটি বাড়ির আশপাশেও যেতে সাহস পান না অনেকেই। অথচ সেই বাড়িতেই এক রাত একা কাটাতে পারলে মিলবে প্রায় ৩১ হাজার টাকা। সম্প্রতি জাপানে এমনই এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, জাপানে অস্বাভাবিক মৃত্যু বা দুর্ঘটনার সঙ্গে জড়িত বাড়িগুলোকে 'জিকো বুক্কেন' (Jiko Bukken) বলা হয়। এসব বাড়িতে আত্মহত্যা, খুন, অগ্নিকাণ্ড বা অন্য কোনো অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ কারণে দীর্ঘদিন ধরে বাড়িগুলো খালি পড়ে থাকে এবং সেগুলো বিক্রি করাও কঠিন হয়ে পড়ে।
অনেকের বিশ্বাস, এসব বাড়িতে অস্বাভাবিক বা অতিপ্রাকৃত ঘটনা ঘটতে পারে। নানা গুজব ও ভয়ের কারণে সাধারণ মানুষ এসব বাড়ির কাছেও যেতে চান না।
এ পরিস্থিতিতে বাড়িগুলো বিক্রিযোগ্য করে তুলতে নতুন উদ্যোগ নিয়েছে জাপান। পরিকল্পনার অংশ হিসেবে বেসরকারি তদন্তকারীদের এসব বাড়িতে এক রাত একা থাকার প্রস্তাব দেওয়া হচ্ছে। রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত সেখানে অবস্থান করতে হবে। এ কাজের জন্য পারিশ্রমিক হিসেবে দেওয়া হবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫৫০০ টাকা।
তদন্তকারীদের সঙ্গে থাকবে ক্যামেরা, অডিও রেকর্ডার এবং ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড (ইএমএফ) ডিটেক্টর। তাদের কাজ হবে বাড়িতে অবস্থানের সময় কোনো অস্বাভাবিক ঘটনা, শব্দ বা অভিজ্ঞতা হলে তা নথিভুক্ত করা।
যদি কোনো অস্বাভাবিক ঘটনার প্রমাণ না মেলে, তাহলে বাড়িটি সম্ভাব্য ক্রেতাদের কাছে আরও গ্রহণযোগ্য করে তোলার সুযোগ তৈরি হবে। আর কোনো অস্বাভাবিকতা অনুভূত হলে সেটিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।
জানা গেছে, যেসব বাড়িতে আত্মহত্যা, খুন, দুর্ঘটনা, অগ্নিকাণ্ডে প্রাণহানি বা একাকী বসবাসরত কোনো ব্যক্তির মৃত্যুর পর দীর্ঘ সময় ধরে মরদেহ উদ্ধার না হওয়ার মতো ঘটনা ঘটেছে, সেসব বাড়িই এই উদ্যোগের আওতায় আনা হয়েছে। দীর্ঘদিন ধরে বসবাসের অনুপযোগী বলে বিবেচিত এসব বাড়ি বিক্রির পথ সহজ করতেই নেওয়া হয়েছে এ ব্যতিক্রমী পদক্ষেপ।
আরটিভি/এমএইচজে




