মাফলারের মতো ১০ ফুট সাপকে গলায় জড়ালেন নারী, ভিডিও ভাইরাল 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ০৯:২৯ পিএম


মাফলারের মতো ১০ ফুট সাপকে গলায় জড়ালেন নারী, ভিডিও ভাইরাল 
ছবি: সংগৃহীত

বিহারের পশ্চিম চম্পারণ জেলায় ১০ ফুট লম্বা একটি বিষধর শঙ্খচূড় (কিং কোবরা) উদ্ধারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। প্রশিক্ষিত সাপ উদ্ধারকারী জানকী দেবী, যিনি স্থানীয়ভাবে ‘স্নেক লেডি’ নামে পরিচিত, সাপটিকে নিরাপদে উদ্ধার করে পরে গলায় মাফলারের মতো জড়িয়ে নিয়ে যাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি পশ্চিম চম্পারণের বাল্মিকীনগরে মুন্নি লাল নামে এক বাসিন্দার বাড়িতে ঢুকে পড়ে প্রায় ১০ ফুট লম্বা একটি শঙ্খচূড়। সাপটি দেখতে পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘর থেকে বেরিয়ে এসে প্রতিবেশীদের সতর্ক করেন। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্কের সৃষ্টি হয় এবং বাড়ির সামনে উৎসুক মানুষের ভিড় জমে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জানকী দেবী। দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি অত্যন্ত সতর্কতার সঙ্গে বিষধর সাপটিকে উদ্ধার করেন। পরে সাপটিকে নিকটবর্তী একটি জঙ্গলে নিরাপদে অবমুক্ত করা হয়। জঙ্গলে নিয়ে যাওয়ার সময় সাপটিকে গলার চারপাশে জড়িয়ে হাঁটার দৃশ্যই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

ভিডিওটি ‘গাঁওয়ালা’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছে। তবে ভিডিওটির সত্যতা এবং এটি ঠিক কবে ধারণ করা হয়েছে, সে বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় বন কর্মকর্তা সত্যম কুমার জানান, বর্ষাকাল ও আবহাওয়ার পরিবর্তনের সময় সাপ প্রায়ই শুকনো ও নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকালয়ে চলে আসে। বিশেষ করে বাল্মিকী ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের আশপাশের এলাকায় এ ধরনের ঘটনা তুলনামূলক বেশি ঘটে। তিনি সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সাপ ধরার চেষ্টা থেকে বিরত থাকার এবং প্রয়োজনে প্রশিক্ষিত উদ্ধারকারীদের খবর দেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন

স্থানীয়দের কাছে জানকী দেবী একজন সুপরিচিত বন্যপ্রাণী উদ্ধারকর্মী। বন বিভাগের তথ্যমতে, গত কয়েক বছরে তিনি হাজার হাজার বিষধর সাপ নিরাপদে উদ্ধার করেছেন। মাত্র ১২ বছর বয়সে সাপ উদ্ধারের কাজ শুরু করা জানকী উদ্ধার অভিযানের সময় একাধিকবার সাপের কামড়েরও শিকার হয়েছেন।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission