যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস শহরের একটি ‘ইন-অ্যান্ড-আউট’ বার্গার রেস্তোরাঁয় বন্দুকধারীর গুলিতে একাধিক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
শনিবার (১ আগস্ট) বিকেলে ঘটা এই ঘটনায় হামলাকারী নিজেও নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন টুইন ফলস পুলিশের প্রধান ম্যাথিউ হিকস। আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
পুলিশ প্রধান ম্যাথিউ হিকস জানান, প্রাথমিক বিশৃঙ্খলা সামলে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব হয়েছে। আপাতত জনসাধারণের জন্য আর কোনো হুমকি নেই বলেও আশ্বস্ত করেন তিনি। তবে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
লেন কোয়েন নামের এক প্রত্যক্ষদর্শী জানান, রেস্তোরাঁর পাশের একটি ট্রাফিক সিগন্যালে থাকা অবস্থায় তিনি ড্রাইভ-থ্রু এলাকা থেকে এআর-রাইফেল হাতে এক ব্যক্তিকে বের হতে দেখেন। এ সময় পিস্তলধারী অন্য এক ব্যক্তি ওই বন্দুকধারীকে লক্ষ্য করে গুলি চালান। ঘটনা চলাকালে রেস্তোরাঁর এক কর্মীকে গুলিবিদ্ধ এক নারীকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যেতে দেখা যায়।
শহরের মুখপাত্র জশ পামার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হামলাকারী একজনই ছিলেন। নিহত হামলাকারীর পরিচয় শনাক্তকরণ ও ঘটনার পেছনে অন্য কারও সংশ্লিষ্টতা ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
আইডাহোর প্রভাবশালী সিনেটর মাইক ক্রাপো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় জরুরি সেবা প্রদানকারী সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আরটিভি/এআর



