মাগুরায় চাঞ্চল্যকর পবন হত্যা মামলায় ৬ আসামির যাবজ্জীবন

মাগুরা প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ০৮:৩৩ পিএম


মাগুরায় চাঞ্চল্যকর পবন হত্যা মামলায় ৬ আসামির যাবজ্জীবন
ছবি: আরটিভি

মাগুরায় বহুল আলোচিত পবন মোল্লা (৪০) হত্যা মামলায় ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক মো. নাসির উদ্দিন এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ ও রাষ্ট্রপক্ষের আইনজীবীর মাধ্যমে জানা যায়, ২০০৭ সালের ২৯ ডিসেম্বর মাগুরা সদর উপজেলার সংকোচখালী গ্রামে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে পবন মোল্লাকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে ২৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়। মামলাটি 'দায়রা নং ৮২/০৮' হিসেবে বিচারাধীন ছিল। বিচার চলাকালে ৩ আসামির মৃত্যু হয়।

দীর্ঘ ১৮ বছর বিচারিক কার্যক্রম শেষে মঙ্গলবার আদালত ৮ জন আসামির বিরুদ্ধে রায় দেন। এর মধ্যে ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— আব্দুল জলিল, লিয়াকত আলী, নওসের মোল্লা, হালিম মোল্লা, সাবু শেখ ও জহুর মোল্লা। দণ্ডপ্রাপ্তদের মধ্যে আব্দুল জলিল এবং তার দুই ছেলে লিয়াকত ও নওসের একই পরিবারের সদস্য।

আরও পড়ুন

এ ছাড়া আসামি আকবর শেখকে দণ্ডবিধির ৩২৪ ধারায় ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং সিদ্দিককে ৩২৩ ধারায় ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি আসামিদের বেকসুর খালাস প্রদান করা হয়।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. আবুল কালাম আজাদ। তিনি বলেন, এই রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে।

আসামিপক্ষে ছিলেন আইনজীবী গোলাম নবী ও মো. মনির হোসেন বাবলু। রায়ের বিষয়ে বক্তব্যের জন্য তাদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা কোনো কথা বলতে রাজি হননি।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি নওসের মোল্লার ছেলে মোস্তাফিজুর রহমান বলেন, এটি গ্রাম্য চক্রান্তের শিকার। অন্যায়ভাবে মামলা দেওয়া হয়েছিল। আজকের রায়ে আমরা ন্যায়বিচার পাইনি। আমরা উচ্চ আদালতে আপিল করব।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত অন্যান্য আসামিদের স্বজনরাও দাবি করেন যে, তারা ন্যায়বিচার পাননি এবং মিথ্যা মামলায় তাদের সাজা দেওয়া হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission