ডান হাতের তালু চুলকোলে কি সত্যি টাকা আসে!

আরটিভি নিউজ

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ০৫:৫১ পিএম


ডান হাতের তালু চুলকোলে কি সত্যি টাকা আসে!
ছবি: সংগৃহীত

হাতের তালু চুলকানো অনেকের কাছেই পরিচিত একটি সমস্যা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, ডান হাতের তালু চুলকালে নাকি হাতে টাকা আসতে পারে এবং বাম হাতের তালু চুলকালে অপ্রত্যাশিত খরচ হতে পারে। তবে চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে এসব ধারণার কোনো ভিত্তি নেই। বরং হাতের তালুতে চুলকানি দেখা দিলে এর পেছনে একজিমা, অ্যালার্জি, ডায়াবেটিস কিংবা কিছু ক্ষেত্রে যকৃতের রোগের মতো চিকিৎসাগত কারণ থাকতে পারে।

স্বাস্থ্যবিষয়ক প্ল্যাটফর্ম মেডিকেল নিউজ টুডে জানায়, হাতের তালুতে বারবার চুলকানি হলে সেটিকে অবহেলা না করে কারণ খুঁজে দেখা উচিত। কারণ এটি কখনো কখনো শরীরের কোনো অন্তর্নিহিত সমস্যার ইঙ্গিত দিতে পারে।

হাতের একজিমা

হাতের তালু চুলকানোর অন্যতম সাধারণ কারণ হলো হাতের একজিমা। এই রোগে ত্বকে চুলকানি, শুষ্কতা, রং পরিবর্তন, ফাটল বা খসখসে ভাব দেখা দিতে পারে। অনেকের ক্ষেত্রে ছোট ছোট পানিভরা ফোসকাও হতে পারে, যাকে ডিজহাইড্রোটিক একজিমা বলা হয়।

যারা নিয়মিত পানি, ডিটারজেন্ট, জীবাণুনাশক বা বিভিন্ন রাসায়নিকের সংস্পর্শে কাজ করেন, তাদের মধ্যে এই সমস্যার ঝুঁকি বেশি। এছাড়া পরিবারে একজিমার ইতিহাস থাকলেও আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
ডায়াবেটিসের প্রভাব

রক্তে শর্করার মাত্রা দীর্ঘদিন বেশি থাকলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। এর ফলে হাতের তালুসহ শরীরের বিভিন্ন স্থানে চুলকানি দেখা দিতে পারে। অনেক সময় এর সঙ্গে ত্বকে ছোট ছোট লালচে দাগ বা গুটিও দেখা যায়।

অ্যালার্জি ও কনটাক্ট ডার্মাটাইটিস

কিছু ধাতব অলংকার, সুগন্ধি, ল্যাটেক্স গ্লাভস, সাবান, জীবাণুনাশক, ধুলাবালি কিংবা অতিরিক্ত ক্লোরিনযুক্ত পানির সংস্পর্শে ত্বকে অ্যালার্জির প্রতিক্রিয়া হতে পারে। এ ধরনের সমস্যাকে কনটাক্ট ডার্মাটাইটিস বলা হয়।

অ্যালার্জেনের সংস্পর্শে আসার ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে চুলকানি শুরু হতে পারে। বারবার একই উপাদানের সংস্পর্শে এলে শরীরে হিস্টামিন নিঃসরণ বাড়ে, যা চুলকানি ও অস্বস্তির জন্য দায়ী।

আরও পড়ুন

যকৃতের রোগের ইঙ্গিত

কিছু ক্ষেত্রে হাতের তালুতে চুলকানি প্রাইমারি বিলিয়ারি কোলাঞ্জাইটিস (পিবিসি) নামের একটি অটোইমিউন রোগের লক্ষণ হতে পারে। এই রোগে যকৃতের পিত্তনালি ক্ষতিগ্রস্ত হয়, ফলে যকৃতে পিত্ত জমে গিয়ে ধীরে ধীরে ক্ষতি হতে থাকে।

এ সময় হাতের তালু লালচে হয়ে যেতে পারে। পাশাপাশি বমি বমি ভাব, হাড়ে ব্যথা, ডায়রিয়া, গাঢ় রঙের প্রস্রাব ও জন্ডিসের মতো উপসর্গও দেখা দিতে পারে। নারীদের মধ্যে এই রোগ তুলনামূলক বেশি দেখা যায়।

ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া

কিছু ওষুধের প্রতিক্রিয়াতেও হাতের তালুতে চুলকানি হতে পারে। নতুন কোনো ওষুধ শুরু করার পর শরীরে মৃদু অ্যালার্জি হলে হিস্টামিনের কারণে হাত ও পায়ের তালুতে বেশি চুলকানি অনুভূত হতে পারে। এমন পরিস্থিতিতে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করা উচিত নয়।

স্নায়ুর সমস্যাও হতে পারে কারণ

ডায়াবেটিসজনিত স্নায়ুর ক্ষতি বা কার্পাল টানেল সিনড্রোমের মতো সমস্যার কারণেও হাতের তালুতে চুলকানি হতে পারে। এ অবস্থায় চুলকানির পাশাপাশি হাত অবশ হয়ে যাওয়া, ব্যথা, দুর্বলতা কিংবা ঝিনঝিন অনুভূতিও দেখা দিতে পারে। অনেকের ক্ষেত্রে রাতে এই অস্বস্তি আরও বেড়ে যায়।

কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?

যদি হাতের তালুর চুলকানি দীর্ঘদিন ধরে থাকে, বারবার ফিরে আসে বা এর সঙ্গে ত্বকে ফুসকুড়ি, লালচে ভাব, ব্যথা, জন্ডিস কিংবা অন্য কোনো অস্বাভাবিক উপসর্গ দেখা দেয়, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সঠিক কারণ শনাক্ত করা গেলে প্রয়োজন অনুযায়ী চিকিৎসা শুরু করা সহজ হয়।

আরটিভি/ এসকেডি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission