বর্তমান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়াদ শেষ উল্লেখ করে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ গ্রহণ ইস্যুতে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ।
সোমবার (১৬ জুন) বিজ্ঞপ্তিটি সংবাদমাধ্যমে পাঠিয়েছেন তিনি।
সেখানে আসিফ মাহমুদ বলেছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ইস্যুতে স্থানীয় সরকার বিভাগ কোনো আইন ভঙ্গ করেনি। বিষয়টি বিচারাধীন থাকা অবস্থায় গেজেটের মেয়াদ এবং পরবর্তীতে সিটি করপোরেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় শপথ দেওয়ার কোনো আইনি সুযোগ নেই স্থানীয় সরকার বিভাগের। তবে, ক্ষমতা প্রদর্শন করে নগর ভবন দখল করে দক্ষিণ ঢাকার দৈনন্দিন নাগরিক সেবায় বিঘ্ন ঘটানো দায়িত্বহীনতা এবং আইনের শাসনের প্রতি অবমাননাকর।
বিজ্ঞপ্তিতে স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের একজন নেতার থেকে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ প্রত্যাশা করিনি। অবরোধের কারণে বিগত মাসে স্বাভাবিক সময়ের তুলনায় ৩০ থেকে ৪০ শতাংশ নাগরিক সেবা হ্রাস পেয়েছে। আমাদের অফিসাররা ওয়াসা অফিসে বসে সিটি করপোরেশনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন যাতে নাগরিক সেবা বাধাগ্রস্ত না হয়।
আসিফ মাহমুদ বলেন, ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের অংশীজনদের থেকে আমরা আরো দায়িত্বশীল এবং পরিপক্ব আচরণ প্রত্যাশা করি।
আরটিভি/এসএইচএম -টি





