নতুন পে-স্কেল বাস্তবায়ন ও গেজেট প্রকাশের দাবিতে কঠোর কর্মসূচির ঘোষণা

আরটিভি নিউজ

শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ , ০৭:০৯ পিএম


নতুন পে-স্কেল বাস্তবায়ন ও গেজেট প্রকাশের দাবিতে কঠোর কর্মসূচির ঘোষণা
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ নির্বাচনের আগেই নতুন পে-স্কেল বাস্তবায়ন ও গেজেট প্রকাশের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। একইসঙ্গে এ দাবি আদায়ে আগামী ১ ডিসেম্বর থেকে কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণাও দিয়েছে তারা। 

রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে শুক্রবার (১৪ নভেম্বর) বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের প্রতিনিধি সমাবেশে বলা হয়, পে-স্কেল বাস্তবায়ন করা না হলে নির্বাচনের দায়িত্ব থেকে বিরত থাকবেন কর্মচারীরা। বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারী আছেন প্রায় ১৫ লাখ।

পরিষদের সমন্বয়ক মো. লুৎফর রহমান বলেন, পে কমিশন নির্বাচনের আগেই দিতে হবে। এটির বাস্তবায়ন না হলে কর্মচারীরা কঠোর আন্দোলনে যাবে। ১ ডিসেম্বর থেকে যত দিন পর্যন্ত পে কমিশন বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব।

অন্য বক্তারা বলেন, বৈষম্যমুক্ত নবম পে স্কেল অনতিবিলম্বে বাস্তবায়ন করতে হবে এবং তা নভেম্বরের মধ্যেই করতে হবে। ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ করতে হবে। এগুলো না করা হলে কর্মচারীরা সংসদ নির্বাচনের দায়িত্ব থেকে বিরত থাকবেন। নভেম্বরের মধ্যে দাবি না মানলে সারা দেশের সরকারি অফিস বন্ধ করে দেওয়া হবে।

এর আগে, গত বুধবার (১২ নভেম্বর) অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, সরকারি কর্মচারীদের নতুন পে স্কেলের সিদ্ধান্ত অন্তর্বর্তী নয়, বরং আগামী নির্বাচিত সরকার নেবে। তবে, অন্তর্বর্তী সরকার বেতন কমিশনের প্রতিবেদন (বেতনকাঠামো) চূড়ান্ত করে যাবে।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission