আ. লীগের সাবেক মন্ত্রী ও এমপির ফেসবুক পেজের এডমিন গ্রেপ্তার

আরটিভি নিউজ

বুধবার, ১৭ জুন ২০২৬ , ০৫:১৭ পিএম


আ. লীগের সাবেক মন্ত্রীর ও এমপির ফেসবুক পেজের এডমিন গ্রেপ্তার
ছবি: সংগ্রহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের ফেসবুক পেজের অ্যাডমিন শিশির মুন্নাকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও যাত্রাবাড়ী থানা পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) রাতে ঢাকার মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (১৭ জুন) রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।

পুলিশ সুত্রে জানা গেছে, কাতারে সরকারি প্রকল্পে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে শিশির মুন্না ও তার সহযোগীরা এক ব্যবসায়ীর কাছ থেকে ১১ লাখ ২৭ হাজার টাকা গ্রহণ করে। পরবর্তীতে তারা ভুক্তভোগীকে জাল ভিসা ও নকল বিমান টিকিট সরবরাহ করে। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী টাকা ফেরত চাইলে অভিযুক্তরা টালবাহানা শুরু করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর শিশির মুন্না কাতার পালিয়ে যান। দীর্ঘ সময় সেখানে অবস্থান করার পর গত বছরের এপ্রিল মাসে দেশে ফিরে তিনি পুনরায় প্রতারণামূলক কর্মকাণ্ড শুরু করেন। এর আগেও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ব্যবসায়িক বিনিয়োগের নামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া দক্ষিণ কেরানীগঞ্জ থানায় তার বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

ডিবি কর্মকর্তারা আরও জানান, প্রভাবশালী ব্যক্তিদের নাম ভাঙিয়ে বিদেশে লোক পাঠানোর প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে তিনি সাধারণ মানুষকে নিঃস্ব করে আসছিলেন। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে প্রতারক চক্রের আরও তথ্য বেরিয়ে আসবে।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission