মাতৃত্বকালীন সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নারী শিক্ষার্থীদের জন্য পরীক্ষায় অংশগ্রহণে উপস্থিতির ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, মাতৃত্বকালীন সময়ে নারী শিক্ষার্থীরা ৪০ শতাংশ উপস্থিত থেকেও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
বুধবার (১৫ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অ্যাকাডেমিক কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রাকসু'র মহিলা বিভাগের দাবির পরিপ্রেক্ষিতে বিষয়টি পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের ২৬৯তম সভায় প্রস্তাবটি উপস্থাপন করা হলে তা সর্বসম্মতিক্রমে পাশ করা হয়। চূড়ান্ত অনুমোদনের জন্য এ সুপারিশটি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের আগামী সভায় উপস্থাপন করা হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান বলেন, মাতৃত্বকালীন সময়ে উপস্থিতির হার কমানোর বিষয়ে আগে থেকে একটা কমিটি গঠন করা ছিলো। আজকে অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এটা পাশ হয়েছে। চুড়ান্ত অনুমোদনের জন্য আগামী সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হবে।
জানতে চাইলে রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সাইয়্যিদা হাফসা বলেন, আমরা মহিলা বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাছে এ দাবি করেছিলাম। দাবি প্রেক্ষিতে একটা কমিটি গঠন করে দেয়া হয়েছিলো। সে কমিটিতে আমিও সদস্য হিসেবে ছিলাম। প্রথমে ৫০% ক্লাসে উপস্থিত থাকলে পরিক্ষায় অংশগ্রহণ করতে পারবে এমন সিদ্ধান্ত হয়েছিলো। পরবর্তীতে আরেক মিটিংয়ে কমিয়ে আনার জন্য আবেদন করি, পরে ৪০% তে সিদ্ধান্ত হয়।
আরটিভি/এসআর



