বান্ধবীদের ‘গোপন ছবি’ প্রেমিককে পাঠানোর ঘটনায় ইবি হিউম্যান রাইটস সোসাইটির নিন্দা

ইবি সংবাদদাতা, আরটিভি নিউজ

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ , ১০:৫৩ পিএম


বান্ধবীদের ‘গোপন ছবি’ প্রেমিককে পাঠানোর ঘটনায় ইবি হিউম্যান রাইটস সোসাইটির নিন্দা
ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জুলাই-৩৬ আবাসিক হলের এক শিক্ষার্থী কর্তৃক সহপাঠী ও রুমমেটদের আপত্তিকর ছবি তুলে প্রবাসী প্রেমিককে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে ইবি শাখা হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি। 

শুক্রবার (৭ আগস্ট) সংগঠনটির দপ্তর সম্পাদক মো. মানিক হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। 

বিবৃতিতে বলা হয়, গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তুবাউল জান্নাত ঐশী কর্তৃক সহপাঠী ও রুমমেটদের আপত্তিকর ছবি তুলে লন্ডন প্রবাসী প্রেমিককে পাঠানোর ঘটনা ঘটছে। এতে ভুক্তভোগী শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তা ও মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। যা নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাধীনভাবে চলাচলের অধিকারের উপর মারাত্মক হুমকি। প্রত্যেক শিক্ষার্থীর ব্যক্তিগত গোপনীয়তা, মর্যাদা ও নিরাপত্তা বাংলাদেশের সংবিধান, প্রচলিত আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার নীতিমালার মাধ্যমে সুরক্ষিত। কোনো ব্যক্তি বা গোষ্ঠির প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে এসব অধিকারে হস্তক্ষেপ কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। 

image

বিবৃতিতে আরও বলা হয়, অতিদ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। একইসাথে, ভবিষ্যতে যেকোনো ধরনের ডিজিটাল নিপীড়ন ও সাইবার অপরাধ রোধে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল ও শিক্ষাঙ্গনে নারীদের সার্বিক নিরাপত্তা, সম্মান ও মর্যাদা রক্ষায় প্রশাসনকে অবিলম্বে কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি। 

উল্লেখ্য, অভিযুক্ত শিক্ষার্থী (ঐশী) হলে অবস্থানরত কয়েকজন ছাত্রীর ব্যক্তিগত মুহূর্তের ছবি তাদের অনুমতি ছাড়াই আবিদ নামে যুক্তরাজ্যপ্রবাসী এক ব্যক্তির কাছে পাঠাতেন। সম্প্রতি ওই ব্যক্তির সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের অবনতি হলে ছবিগুলোর কিছু অংশ ভুক্তভোগীদের কাছে পাঠান আবিদ। এরপর হলটিতে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং জানাজানি হলে হল ও প্রক্টরিয়াল বডি উপস্থিত হন। জরুরি সভা ডেকে সংশ্লিষ্ট ঘটনায় তিন সদস্যের একটি কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটিতে আহ্বায়ক হিসেবে আহ্বায়ক অধ্যাপক ড. আরিফা আক্তার, সদস্য হিসেবে সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহা. খাইরুল ইসলাম ও সদস্য সচিব অধ্যাপক ড. মুহা. কামরুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission