১০১ কোটিতে ৬০ গাড়ি, অর্থ উপদেষ্টাকে নিয়ে যা বললেন তাজনুভা 

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫ , ০৪:৩৯ পিএম


১০১ কোটিতে ৬০ গাড়ি, অর্থ উপদেষ্টাকে নিয়ে যা বললেন তাজনুভা 
এনসিপির যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবীন। ছবি: সংগৃহীত

আগামী সরকারের মন্ত্রীদের জন‍্য ১০১ কোটি টাকার বেশি মূল্যের ৬০টি পাজেরো গাড়ি কেনার প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। আর এই সম্মতিতে বিস্ময় প্রকাশ করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবীন। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি উল্লেখ করেন তিনি।

নিজের ফেসবুক পোস্টে তাজনুভা লেখেন, আগামী সরকারের মন্ত্রীদের জন‍্য ১০১ কোটির মূল্যের ৬০টি পাজেরো গাড়ির প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। মানে অর্থ উপদেষ্টা কতটা কেয়ারিং আর কৃতজ্ঞ বন্ধুর প্রতি, বন্ধু মন্ত্রী হওয়ার সাথে সাথেই যাতে নতুন গাড়িতে চড়তে পারেন, আগাম ব‍্যবস্থা।

জুলাই আন্দোলনে শহীদদের প্রতি সরকার সুবিচার করতে পারেনি উল্লেখ করে তাজনুভা বলেন, যে গণ-অভ্যুত্থানের ওপর দাঁড়িয়ে যে জুলাই সনদ সেটার বাস্তবায়নের জন্য পরের সংসদ পর্যন্ত নাকি অপেক্ষা করতে হবে। যে শহীদ-আহতদের রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার পাজেরো গাড়ি কিনছেন তাদের বিচার, তাদের নিরাপত্তা, মিনিমাম তাদের সঠিক তালিকাও প্রকাশ করতে পারে নাই। 

তাসনুভা জাবিন লিখেছেন, এই সরকার তো নাকি ছাত্রদের। এ এক বিস্ময়কর ব্যাপার, এই সরকারের সব ব্যর্থতার পুরো ভাগ কি করে যেন সব ছাত্রদের। আর গণ-অভ্যুত্থানের সব কৃতিত্ব ১০ ভাগ হওয়ার পর এক ভাগ শুধু ছাত্রদের।

উল্লেখ্য, আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। মিতসুবিশি পাজেরো কিউএক্স-২৪২৭ সিসি মডেলের প্রতিটি গাড়ির দাম এক কোটি ৬৯ লাখ টাকা।

এসব গাড়ি কিনতে ব্যয় হবে ১০১ কোটি ৬১ লাখ টাকা। একই সঙ্গে আগামী নির্বাচনে জেলা ও উপজেলা পর্যায়ে দায়িত্ব পালন করবেন এমন কর্মকর্তাদের জন্য কেনা হচ্ছে ১৯৫টি পাজেরোসহ মোট ২২০টি গাড়ি। সব মিলিয়ে ২৮০টি গাড়ি কিনতে সরকারের ব্যয় হবে প্রায় ৪৪৫ কোটি টাকা।

জনপ্রশাসন মন্ত্রণালয় গত ২১ আগস্ট নির্বাচনী কর্মকর্তা এবং আগামী নির্বাচিত সরকারের মন্ত্রীদের জন্য ২৮০টি গাড়ি কেনার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে পাঠায়। এর মধ্যে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনে জয়ী সরকারের মন্ত্রী, মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার কথা বলা হয় প্রস্তাবে।

প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে সরাসরি ক্রয় প্রক্রিয়ায় এসব গাড়ি কিনবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান সরকারি যানবাহন অধিদপ্তর।

আরটিভি/একে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission