তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্বের প্রতীক ছিলেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে তিনি এ কথা বলেন।
খন্দকার মোশাররফ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হারিয়ে দেশের মানুষ একজন অভিভাবককে হারিয়েছে। আজ বাংলাদেশের জনগণ তার অভাব গভীরভাবে অনুভব করছে।
তিনি বলেন, বেগম জিয়াকে একসময় দেশ ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি দৃঢ়ভাবে বলেছিলেন, বাংলাদেশই তার দেশ এবং তিনি এ দেশ ছেড়ে কোথাও যাবেন না।
বিএনপির এই নেতা বলেন, খালেদা জিয়া আজীবন দেশের মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। এ দেশের জন্য তার অবদান বলে শেষ করা যাবে না। জনগণের প্রতি তার ভালোবাসা, দেশের উন্নয়ন ও মানুষের সেবায় তার ভূমিকা আজও মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে।
খন্দকার মোশাররফ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও দেশের জনগণ স্নেহ ও ভালোবাসার সঙ্গে স্মরণ করছে।
তিনি বলেন, জিয়াউর রহমানের মৃত্যুর পর অনেকেই বলেছিলেন, তাকে ছাড়া বিএনপি টিকে থাকতে পারবে না। কিন্তু বেগম খালেদা জিয়া দক্ষ নেতৃত্বের মাধ্যমে দলকে সুসংগঠিত রাখেন। তার নেতৃত্বে বিএনপি তিনবার রাষ্ট্রক্ষমতায় এসে দেশের জনগণের সেবায় কাজ করেছে।
আরটিভি/আরএ





