ইউএনওর হস্তক্ষেপে পরিবারে ফিরছে ৭ বছরের শিশু

আরটিভি নিউজ

সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ০৬:০০ পিএম


ইউএনওর হস্তক্ষেপে পরিবারে ফিরছে ৭ বছরের শিশু
ছবি: আরটিভি

যশোরের ঝিকরগাছা বাজারে জননী সুপার মার্কেটের সামনে কান্নারত অবস্থায় এক ৭ বছরের শিশুকে উদ্ধার করেছে স্থানীয়রা। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের জননী সুপার মার্কেটের সামনে কয়েকজন পথচারী শিশুটিকে একা কাঁদতে দেখে এগিয়ে যান। জিজ্ঞাসাবাদে শিশুটি জানায়, তার বাবা তাকে সেখানে রেখে চলে গেছেন।

পরে জানা যায়, শিশুটির বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের উত্তর বাঘাইতলা গ্রামে।

এ বিষয়ে স্থানীয় সাংবাদিক মাস্টার আশরাফুজ্জামান বাবু বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই শিশুটিকে নিরাপদে আমাদের অফিসে নিয়ে আসার ব্যবস্থা করি। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে যোগাযোগ করি। শিশুটির মামার সঙ্গেও কথা বলা হয়েছে। তারা শিশুটিকে শনাক্ত করেছেন।

পরে বিষয়টি ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফফাত আরা সাঈদকে জানানো হলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন।

ইউএনও সাফফাত আরা সাঈদ বলেন, খবর পাওয়ার পরপরই আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখি। সমাজসেবা কর্মকর্তা মো. তহিদুল ইসলামকে অবহিত করে শিশুটিকে আমাদের তত্ত্বাবধানে নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে খুব দ্রুতই তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তহিদুল ইসলাম বলেন, শিশুটির নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় যাচাই শেষে আইনগত প্রক্রিয়া মেনে হস্তান্তর করা হবে।

এদিকে স্থানীয়রা জানান, শিশুটিকে একা ও অসহায় অবস্থায় দেখে তারা মানবিক দায়িত্ববোধ থেকেই এগিয়ে আসেন।

সবকিছু ঠিক থাকলে অতি দ্রুতই শিশুটি তার পরিবারের কাছে ফিরে যাবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission