একসময় করতেন সরকারি চাকরি। নিয়েছেন উচ্চশিক্ষাও। কিন্তু ভাগ্য আর জাতিগত পরিচয়ের কারণে এখন তার জীবনের ঠিকানা এই রেলস্টেশনের পাশে ছোট্ট জুতার দোকান। গত ৪৫ বছর ধরে জুতা সেলাই করেই চলছে বিশু রবিদাসের জীবন।
রাজবাড়ীর কালুখালী উপজেলার মালিয়াট গ্রামের মুচি পরিবারে জন্ম বিশু রবিদাসের। নানা বাধা পেরিয়ে তিনি বিএ ডিগ্রি অর্জন করেন। এরপর একটি সরকারি দপ্তরে চাকরি পান। নিয়মিত দায়িত্ব পালন করলেও পরিবারের দাবি, জাতিগত পরিচয় জানার পর কর্মস্থলে তিনি অবহেলা ও বৈষম্যের শিকার হন। এক আত্মীয়ের অসুস্থতার খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার মৌখিক অনুমতি নিয়ে বাড়ি গিয়েছিলেন বিশু। পরে সেই অনুপস্থিতিকেই কারণ দেখিয়ে চাকরি হারাতে হয় তাকে।
এরপর আর ফেরা হয়নি সরকারি চাকরিতে। জীবিকার তাগিদে ফিরে আসেন পূর্বপুরুষের পেশায়। সেই থেকে কালুখালী রেলস্টেশন ও বাজারের পাশে বসেই জুতা সেলাই করে চালিয়ে যাচ্ছেন সংসার।
এখন বয়স বেড়েছে। নানা রোগেও ভুগছেন। আগের মতো কাজ করতে পারেন না। তারপরও এই কাজই তার পরিবারের একমাত্র আয়ের ভরসা।
রেলস্টেশনের এই ছোট্ট দোকানেই কেটে যাচ্ছে বিশু রবিদাসের দিন। তবে তার জীবনের গল্প যেন মনে করিয়ে দেয়, শিক্ষা থাকলেই সবসময় ভাগ্য বদলায় না।
আরটিভি/এমএইচজে



