তামিমের নতুন উদ্যোগ, এবার ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু করলো বিসিবি 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ০৮:২০ পিএম


তামিমের নতুন উদ্যোগ, এবার ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু করলো বিসিবি 
বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়া পুরুষ ও নারী ক্রিকেটারদেরকে ‘ক্যাপ্টেনস কার্ড’ দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাবেক অধিনায়কদের সম্মান জানাতে দারুণ এক উদ্যোগ নেওয়া হয়েছে। 

অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর বেশ কিছু উদ্যোগ নিয়েছেন তামিম ইকবাল। এরই ধারাবাহিকতায় এবার দেশের ক্রিকেটকে নেতৃত্ব দেওয়া পুরুষ ও নারী— উভয় বিভাগের সাবেক অধিনায়কদের জন্য তিনি চালু করেছেন এ বিশেষ সম্মাননা। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে সন্ধ্যা ৬টা থেকেই জড়ো হতে থাকেন অতিথিরা। সাবেক ও বর্তমান অধিনায়কদের অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয় এই আয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত হন জাতীয় দলের বর্তমান ক্রিকেটার ও কোচরাও। রয়েছেন বোর্ডের অ্যাডহক কমিটির সদস্যরাও। ক্যাপ্টেনস কার্ড হোল্ডারদের জন্য ক্রিকেটাঙ্গনে নানা সুযোগ-সুবিধার ব্যবস্থা রাখবে বিসিবি।

আরও পড়ুন

প্রত্যেক সাবেক অধিনায়কের জন্য জাতীয় দলের ক্রিকেটারদের মতোই হেলথ ইন্স্যুরেন্স সুবিধা থাকবে বলে জানিয়েছেন তামিম ইকবাল। 

তিনি বলেন, এই উদ্যোগের আওতায় যারা একসময় বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন, তাদের সবাইকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। ক্যাপ্টেনস কার্ড আইসিসি ইভেন্ট, এসিসি ইভেন্ট, দ্বিপাক্ষিক সিরিজ, বিপিএল সবকিছুর স্টেডিয়াম পাস হিসেবে কাজ করবে অধিনায়কদের জন্য। কেউ অসুস্থ হলে বিসিবির মেডিকেল টিম সবসময় অ্যাভেইলেবল থাকবে। কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগবে না। 

তামিম আরও জানান, সাকিব, মাশরাফী, ফারুক, পাইলট, বুলবুল, দুর্জয়ের মতো যেসব সাবেক অধিনায়ক বর্তমানে উপস্থিত নেই, তাদের জন্যও ‘ক্যাপ্টেনস’ কার্ড প্রস্তুত রাখা হয়েছে।

তার ভাষায়, ‘সব ক্যাপ্টেনের জন্য হেলথ ইন্সুরেন্স থাকবে ন্যাশনাল টিমের মতো। সাকিব, মাশরাফী, ফারুক, পাইলট, বুলবুল, দূর্জয় যারা অ্যাভেইলেবল নয়, তাদের কার্ডও রেডি।’ 

এই উদ্যোগের মাধ্যমে জাতীয় দলের হয়ে দায়িত্ব পালন করা অধিনায়কদের অবদানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে চায় বিসিবি। দীর্ঘদিন ধরে দেশের ক্রিকেটকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া এই ক্রিকেটাররা শুধু মাঠেই নয়, দেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তাদের সেই অবদানকে স্মরণীয় করে রাখতেই বিসিবির এমন আয়োজন।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission