ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য অভিষেক শর্মা ও অক্ষর প্যাটেলকে ডোপ পরীক্ষার জন্য অন্তর্ভুক্ত করেছে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (নাডা)। সংস্থাটির প্রকাশিত ২০২৬ সালের টেস্টিং পুলে মোট ৩৪৮ জন খেলোয়াড়ের নাম রয়েছে, যেখানে এই দুই ক্রিকেটার নতুন সংযোজন।
নাডার টেস্টিং পুলে অন্তর্ভুক্ত হওয়ার অর্থ হলো তালিকাভুক্ত খেলোয়াড়দের বাধ্যতামূলকভাবে ডোপ পরীক্ষা দিতে হবে। অভিষেক ও অক্ষরকে দলে নেওয়া হয়েছে আগের তালিকায় থাকা শ্রেয়াস আইয়ার ও স্মৃতি মান্ধানার পরিবর্তে। নতুন তালিকায় ভারতের এই দুই সহ-অধিনায়কের নাম রাখা হয়নি।
নাডার নিয়ম অনুযায়ী, তালিকাভুক্ত খেলোয়াড়দের সারা বছর নিজেদের অবস্থান সংক্রান্ত তথ্য সংস্থাকে জানিয়ে রাখতে হয়। বছরের যেকোনো সময় হঠাৎ করেই তাদের ডোপ পরীক্ষার জন্য নমুনা দিতে হতে পারে। প্রয়োজনে নাডার কর্মকর্তারা খেলোয়াড়দের নির্ধারিত অবস্থানেও গিয়ে নমুনা সংগ্রহ করেন।
এছাড়া নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী খেলোয়াড়দের উল্লেখিত স্থানে উপস্থিত থাকা বাধ্যতামূলক। টানা তিনবার নির্ধারিত স্থানে উপস্থিত না থাকলে বা নির্দেশ অনুযায়ী নমুনা দিতে ব্যর্থ হলে, সেটিকে ডোপ পরীক্ষায় ব্যর্থতা হিসেবে গণ্য করা হয় এবং সংশ্লিষ্ট খেলোয়াড়কে শাস্তির মুখোমুখি হতে হয়।
২০২৬ সালের এই তালিকায় আরও রয়েছেন শুবমান গিল, যশস্বী জয়সওয়াল, হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্ত, জাসপ্রীত বুমরাহ, লোকেশ রাহুল, অর্শদীপ সিং, তিলক ভার্মা, দীপ্তি শর্মা, শেফালি ভার্মা ও রেণুকা সিংহ ঠাকুর। নতুন করে এই তালিকায় যুক্ত হয়েছেন অভিষেক শর্মা ও অক্ষর প্যাটেল।
আরটিভি/এসকে



