এখন কেমন আছেন সৌরভ গাঙ্গুলী?

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৩ জানুয়ারি ২০২১ , ০৫:২৩ পিএম


How are you now Sourav Ganguly
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী শনিবার (২ জানুয়ারি) বুকে ব্যথা নিয়ে কলকাতার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। তারপর তার দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা জানান, তার হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। পাঁচ সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে এখন চিকিৎসাধীন আছেন ভারতের ক্রিকেট দলের সাবেক এই বাঙালি অধিনায়ক।

গতকাল (শনিবার) সন্ধ্যায় তাকে দেখার জন্য উডল্যান্ডস হাসপাতালে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হাসপাতাল থেকে বের হয়ে গণমাধ্যমকে জানান, গাঙ্গুলী বর্তমানে ভালো আছেন। আমার সাথে তার কথা হয়েছে।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলেন, চিকিৎসকরা গাঙ্গুলীর স্বাস্থ্যের পরিস্থিতির ওপর নজর রাখছেন। প্রয়োজনমতো ব্যবস্থা গ্রহণ করা হবে। তার স্বাস্থ্যের পরিস্থিতি নিয়ে সোমবার (৪ জানুয়ারি) মেডিকেল বোর্ড বসবে।

অসুস্থ হওয়ার পর থেকে দাদা-স্ত্রী-মেয়ে-বন্ধু থেকে শুরু করে দলমত নির্বিশেষে রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছেন তার পাশে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সাবেক ওপেনিং পার্টনার শচিন টেন্ডুলকার, লতা মুঙ্গেশকর সকলেই খোঁজ নিচ্ছেন তার। প্রয়োজন হলে চিকিৎসক দেবী শেঠিরও পরামর্শ নেওয়া হতে পারে।

তবে আশার খবর হলো, আপাতত সঙ্কটমুক্ত সৌরভ গঙ্গোপাধ্যায়। আজ (রোববার) সকালে মেয়ে সানা গঙ্গোপাধ্যায় দেখা করতে আসেন হাসপাতালে। তার কিছু পরেই স্ত্রী ডোনাকে বের হতে দেখা যায়। বের হওয়ার সময় তিনি বলেন, ‘ভালো আছে সৌরভ। কথাবার্তা বলছে। ওর সুস্থতার জন্য সবাই প্রার্থনা করবেন।’

এর আগে নিজ বাসভবনে জিম করার সময় বুকে ব্যথা অনুভূত হয় সৌরভের। এরপর বমিও করেছিলেন তিনি। তার কিছুক্ষণ পর দক্ষিণ কলকাতার বেসরকারি ওই হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় ভারতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ককে। ৪৮ বছর বয়সী সৌরভের হাসপাতালে নেওয়া হলে মুহূর্তেই এই সংবাদ ছড়িয়ে পড়ে। ভারতীয় ক্রিকেটের ‘দাদা’ খ্যাত এই তারকার রোগমুক্তি কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা পোস্ট দিতে দেখা যায়। সূত্র : আনন্দবাজার ও এনডিটিভি স্পোর্টস
এসআর/পি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission