এলপিএলে দল পেলেন না তামিমও

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২১ মে ২০২৪ , ০৫:১৯ পিএম


তামিম ইকবাল
ছবি- গেটি ইমেজ

জাতীয় দল থেকে অবসর নিলেও টি-টোয়েন্টিতে দুর্দান্ত ছন্দে রয়েছেন তামিম ইকবার। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরে বরিশালকে শিরোপা জিতিয়ে নিজেও হয়েছেন টুর্নামেন্ট সেরা। তবে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) নিলামে দল পাননি এই ড্যাশিং ওপেনার। 

এলপিএলের নিলামে তামিমের ভিত্তিমূল্য ছিল ৪০ হাজার ডলার বা ৩৩ লাখ টাকারও বেশি। তবে তার নাম উঠলে কোনো দল আগ্রহ দেখায়নি। ফলে অবিক্রিতই থেকে যান তামিম। তবে ৫০ হাজার ডলার ভিত্তিমূল্যে তাসকিন আহমেদকে কিনে নিয়েছে কলম্বো স্ট্রাইকার্স। 

শুধু তামিম নন, নিলামে নাম ওঠা সত্ত্বেও অবিক্রিত থেকে গেছেন এক ঝাঁক ক্রিকেটার। গত আসরে দারুণ নৈপুণ্য দেখিয়েছিলেন তাওহীদ হৃদয়। একটা পর্যায়ে ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকও। তবে জাফনা কিংসের হয়ে খেলা এই ক্রিকেটার লঙ্কান লিগের এবারের আসরে দল পাননি।

তামিম ও হৃদয়ের মতো দল পাননি বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পেসার শরিফুল ইসলামকে কিনতেও আগ্রহ দেখায়নি কেউ। এর আগে অবিক্রিত থেকে যান লিটন দাস ও মুশফিকুর রহিম।

এলপিএলের নিলামে এবার নাম আছে আফিফ হোসেন ধ্রুব, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, জাকের আলী অনিক, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, নাঈম শেখ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, রনি তালুকদার, শহিদুল ইসলাম, সৌম্য সরকার, খালেদ আহমেদ, তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয় ও জাকির হাসানের।

তাদের মধ্যে লিটন ও শরিফুলের ভিত্তিমূল্য ছিল ৩০ হাজার ডলার। হৃদয় ও শান্তর ভিত্তিমূল্য ছিল ৪০ হাজার ডলার। আর মুশফিকের ভিত্তিমূল্য ছিল ৫০ হাজার ডলার।

এদিকে নিলামের আগেই আইকন ক্রিকেটার হিসেবে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে ডাম্বুলা থান্ডার্স। গত ১৩ মে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে মোস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে ডাম্বুলা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission