নেইমার অভিনয় করে না, আমি তাকে বিশ্বকাপে দেখতে চাই: মেসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬ , ০৯:০৮ এএম


নেইমার অভিনয় করে না, আমি তাকে বিশ্বকাপে দেখতে চাই: মেসি
মেসি ও নেইমার। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের আর মাত্র ১ মাস বাকি। তবে এখনও নিশ্চিত হয়নি নেইমার জুনিয়রের বিশ্বকাপ ভাগ্য। তবে এই তারকা ফুটবলারকে বিশ্বকাপে দেখতে চান তার ভক্তরা। একই ইচ্ছা প্রকাশ করেছেন লিওনেল মেসিও।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা মনে করেন, নেইমার বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। তাই ব্রাজিলের হয়ে বিশ্বকাপে তার উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সম্প্রতি ‘লো দেল পোলো’ অনুষ্ঠানে পোলো আলভারেজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমরা চাই বিশ্বকাপে সেরা খেলোয়াড়রাই অংশ নিক। নেইমারের বর্তমান ফর্ম যেমনই হোক না কেন, সবসময়ই সে সেরাদের একজন। 
 
তিনি বলেন, ব্রাজিল এবং ফুটবলের জন্য নেইমারের গুরুত্ব অনেক বেশি। তাই তাকে বিশ্বকাপে দেখতে পারাটা দারুণ ব্যাপার হবে। আমি আশা করি সে সেখানে থাকবে। আমার মতে নেইমারের সবসময়ই বিশ্বকাপে থাকা উচিত।  

আরও পড়ুন

নেইমারের সাথে মেসির সম্পর্কটা বন্ধুত্বের। দীর্ঘদিনের বন্ধুত্ব ও মাঠের বাইরের সম্পর্কের কারণেই নেইমারের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মেসি। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড যেন আবারও নিজের সেরা ছন্দে ফিরতে পারেন এবং বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নেন— এমনটাই প্রত্যাশা আর্জেন্টাইন মহাতারকার। 

মেসি বলেন, নেইমার আমার বন্ধু … অবশ্যই, আমি চাইবো সে বিশ্বকাপে থাকুক, তার সাথে ভালো কিছু ঘটুক, কারণ সে যেমন মানুষ, তাতে এটা তার প্রাপ্য। এবং আমি আশা করি সে সেখানে থাকতে পারবে।
 
মেসির বর্তমান বয়স ৩৮, আর নেইমারের ৩৪। বার্সেলোনার জার্সিতে একসঙ্গে তারা চারটি মৌসুম খেলেছেন। এছাড়া পিএসজিতেও দুই মৌসুম একসাথে খেলেছেন মেসি ও নেইমার। সেখান থেকে তাদের বন্ধুত্বটাও আরও মজবুত হয়েছে। 
 
২০২৩ সালে পিএসজি ছাড়েন দুজনেই। মেসি যোগ দেন আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে। আর নেইমার পাড়ি জমান সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে। 
 
নেইমারের সম্পর্কে মেসি বলেন, তার এক বিশেষ ধরনের আকর্ষণ আছে। সে অভিনয় করে না, পরিণতির চিন্তা না করে নিজের অনুভূতি অনুযায়ী জীবনযাপন করে। সে তার মতো করে বাঁচে, সে সুখী এবং খুবই স্বাভাবিক।   
 
চোট ও ছন্দহীনতার কারণে ২০২৩ সালের অক্টোবরের পর আর ব্রাজিলের জার্সিতে মাঠে নামা হয়নি নেইমারের। নতুন কোচ কার্লো আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর থেকে তার ঘোষিত প্রতিটি স্কোয়াডের বাইরে রাখা হয়েছে ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ ৭৯ গোলের মালিক নেইমারকে। ফলে নেইমারের জাতীয় দলে ফেরা ও বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে তৈরি হয়েছে নতুন করে অনিশ্চয়তা। 

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission