তুষার ইমরান। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে তার নাম। তিনি এমনই এক কীর্তি গড়লেন যা তাকে বসিয়ে দিয়েছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বাগ্রে। এ পর্যন্ত কোনো বাংলাদেশি এমন কীর্তি লাভ করেননি। প্রথম ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন ৩৪ বছর বয়সী এই ব্যাটসম্যান।
নয় হাজার ৯৬৫ রান নিয়ে সাভারের বিকেএসপিতে বিসিএলের দ্বিতীয় রাউন্ডে ওয়ালটন সেন্ট্রাল জোনের বিপক্ষে ব্যাট করতে নামেন তুষার। ব্যক্তিগত ৩৪ থেকে চার হাঁকিয়ে মাইলফলক ছুঁয়ে ফেলেন প্রাইম ব্যাংক সাউথ জোনের এই ব্যাটসম্যান।
প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি রান ও সেঞ্চুরির রেকর্ড আগে থেকেই ছিল তুষারের দখলে। বিসিএলের প্রথম রাউন্ডে হাঁকিয়েছিলেন নিজের ২৫তম সেঞ্চুরি।
--------------------------------------------------------
আরও পড়ুন: তামিমের ব্যাটে টাইগারদের উড়ন্ত সূচনা
--------------------------------------------------------
নিজের ১৫৪তম প্রথম শ্রেণির ম্যাচে দশ হাজার রান পূরণ করলেন তুষার। প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডও এটি। সর্বাধিক ২৫টি সেঞ্চুরির মালিকও তুষার। দ্বিতীয় স্থানে থাকা অলক কাপালি বিসিএলেই নিজের ১৫১তম ম্যাচ খেলতে নেমেছেন।
সোমবার দ্বিতীয় রাউন্ডে তুষার পৌঁছে গেলেন ১০ হাজার রানের ঠিকানায়। এবারো বড় ইনিংসের পথেই আছেন তিনি। প্রথম দিন শেষে ৭২ বলে ৭টি চারে ৪০ রানে অপরাজিত আছেন তিনি।
প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক অলক কাপালি বিসিএলের প্রথম রাউন্ডের আগে ১৫০ ম্যাচে করেছেন আট হাজার ৪৪০ রান। রাজিন সালেহর অবস্থান তিন নম্বরে। ১৪২ ম্যাচে ১৮টি সেঞ্চুরি ও ৪০টি হাফসেঞ্চুরিতে তার রান আট হাজার ১৩৫।
চতুর্থ স্থানে থাকা ফরহাদ হোসেন ১২২ ম্যাচে করেছেন সাত হাজার ৩৫৭ রান। পঞ্চম স্থানে থাকা মোহাম্মদ আশরাফুল ১৪৩ ম্যাচে করেছেন সাত হাজার ৩২৩ রান।
৫টি টেস্ট আর ৪১টি ওয়ানডে খেলা তুষার সর্বশেষ জাতীয় দলে খেলেছিলেন ২০০৭ সালে। তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করেন ৩৪ বছর বয়সী এই ব্যাটসম্যান। বিসিএলের প্রথম রাউন্ডে পূর্বাঞ্চলের বিপক্ষে ১০৫ রানের ইনিংস এসেছে তার ব্যাট থেকে। পরের ম্যাচেই দুর্দান্ত কীর্তি গড়লেন তিনি।
আরও পড়ুন
এএ/কে




