সাকিব-মুস্তাফিজের খেলা কবে কখন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৭ মে ২০২৫ , ০৪:৩৮ পিএম


সাকিব-মুস্তাফিজুর
ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক সংঘাত ও উত্তেজনার জেরে স্থগিত করা হয় আইপিএল ও পিএসএল। দুই দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শনিবার (১৭ মে) থেকে আবারও মাঠে গড়াচ্ছে। দীর্ঘদিন ধরে মাঠের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। তবে চলমান পিএসএল দিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন এই তারকা ক্রিকেটার। তাকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। এই টুর্নামেন্ট মাতাতে মরিয়া হয়ে আছেন বলে জানিয়েছেন সাকিব। আর মুস্তাফিজুর রহমানকে নিয়েছে তার পুরোনো আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস।

পিএসএল খেলতে বর্তমানে সাকিব আছেন পাকিস্তানে। টুর্নামেন্টের বাকি অংশের জন্য লাহোর কালান্দার্স দলে নিয়েছে তাকে। ব্যাটে-বলে আবারও মাঠে দেখা যেতে পারে সাকিবকে। পেশোয়ার জালমির বিপক্ষে রবিবার (১৮মে) মাঠে নামবে লাহোর। সবকিছু ঠিক থাকলে সাকিবকে দেখা যেতে পারে একাদশে।   

সাকিব পিএসএল ক্যাম্পে যোগ দেওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্টের মাধ্যমে জানায় লাহোর কালান্দার্স। সাকিবসহ নতুন যোগ দেওয়া কয়েকজন বিদেশি ক্রিকেটারকে স্বাগত জানিয়ে দলটি ক্যাপশনে লিখেছে, ‘কুশল পেরেরা, সাকিব আল হাসান এবং ভানুকা রাজাপক্ষে পৌঁছে গেছেন ইসলামাবাদে। তারা এসেছেন নিজেদের সেরাটা দিতে! কালান্দার্স পরিবার, আপনারা প্রস্তুত তো?’

এদিকে, আইপিএলে মিচেল স্টার্কের শূন্যতা পূরণে দিল্লি দলে ভিড়িয়েছে মুস্তাফিজকে। এর আগেও তাদের জার্সিতে দুটি আসর খেলার অভিজ্ঞতা রয়েছে তার। মুস্তাফিজ বিসিবি থেকে আগামী ১৮ মে থেকে ২৪ মে পর্যন্ত আইপিএলে খেলার এনওসি পেয়েছেন। নতুন শুরুর পর দিল্লির প্রথম ম্যাচ ১৮ মে। সেই ম্যাচ থেকেই মুস্তাফিজকে পাচ্ছে দিল্লি। 

পিএসএলে সাকিবের ম্যাচসূচি
১৮ মে– লাহোর কালান্দার্স বনাম পেশোয়ার জালমি– রাত ৯টা
লিগপর্বে এটি লাহোর শেষ ম্যাচ। দলটি প্লে-অফে উঠতে পারলে আরও ম্যাচ খেলার সুযোগ পাবেন সাকিব।

আইপিএলের লিগপর্বে মুস্তাফিজের ম্যাচসূচি
১৮ মে– দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাট টাইটান্স– রাত ৮টা
২১ মে– মুম্বাই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস– রাত ৮টা
২৪ মে– দিল্লি ক্যাপিটালস বনাম পাঞ্জাব কিংস– রাত ৮টা

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission