সবঠিক থাকলে আগামী জুনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল।
সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের সময় প্রেসবক্সে এসে একথা জানান তিনি। তার মতে, জুনের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে হবে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন।
এর আগে ৭ এপ্রিল আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবি পরিচালনা পর্ষদ ভেঙে তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
সেদিনই জানিয়ে দেওয়া হয় আগামী তিন মাসের মধ্যে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন আয়োজন করা হবে।
আগামী ৭ জুলাই পূর্ণ হবে অ্যাডহক কমিটির তিন মাস মেয়াদ, এর আগেই নির্বাচন দিতে চান তামিম। গত বছরের অক্টোবরে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন হয়েছিল। তখন তামিমের নেতৃত্বে একটি পক্ষ পরিচালক পদে মনোনয়ন তুললেও পরে নির্বাচন থেকে সরে দাঁড়ান।
আরটিভি/এসআর



