নিজেকে অবাঞ্ছিত সন্তান বললেন জোকোভিচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৪ জুন ২০২৫ , ০৯:৪১ পিএম


নোভাক জোকোভিচ
ছবি: সংগৃহীত

নোভাক জোকোভিচ সম্প্রতি এক আবেগঘন স্বীকারোক্তিতে নিজেকে ‘অবাঞ্ছিত সন্তান’ বলে উল্লেখ করেছেন। যা তার দীর্ঘ ক্যারিয়ারে পাওয়া স্বীকৃতি ও ভালোবাসার অভাব থেকেই এসেছে।  

তিনি ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জিতে পুরুষ টেনিস ইতিহাসে সবচেয়ে সফল, তবুও রজার ফেডেরার ও রাফায়েল নাদালের মতো গভীর ভক্তসমর্থন কখনওই তার ভাগ্যে জোটেনি।  

জোকোভিচ বলেন, আমি সবসময়ই বুঝেছি, আমি সেই সন্তান নই যাকে সবাই চায়। আমি চিরকাল তৃতীয় ব্যক্তি, কখনও ফেডেরার, কখনও নাদালের ছায়ায় থেকেছি।

উইম্বলডনে ফেডেরারের জন্য গ্যালারি যেভাবে গর্জে ওঠে, বা রোলাঁ গারোয় নাদালের জন্য যেভাবে উন্মাদনা হয় তা জোকোভিচ খুব কমই পেয়েছেন, এমনকি অস্ট্রেলিয়ান ওপেনেও যেখানে তিনি সবচেয়ে সফল।

এই বক্তব্য তার মানসিক চাপ, একাকীত্ব ও পেশাদার জীবনের চাপ নিয়েও একটি খোলামেলা প্রতিফলন। এটি অনেক সমর্থকের মধ্যে নতুন করে সহানুভূতি তৈরি করেছে। যদিও কেউ কেউ এখনও তাকে ঘিরে বিভক্ত মত পোষণ করেন।

জোকোভিচ এক সাক্ষাৎকারে বলেন, ফেডেরার বা নাদালের মতো ভালবাসা কখনও পাইনি। হয়তো ওদের দ্বৈরথের গল্পটা আমার ভেঙে দেওয়ার কথা ছিল না। আমি তৃতীয় ব্যক্তি ছিলাম যে সাহসী হয়ে বলেছিল, আমি বিশ্বের এক নম্বর হতে চাই। সবাই সেটা খোলা মনে মেনে নেয়নি।

জোকোভিচ আরও বলেন, আমি আসার আগেই ওদের (ফেডেরার-নাদাল) লড়াই শুরু হয়ে গিয়েছিল। আমি আসার কয়েক বছর আগে নাদাল খেলতে শুরু করে। কেউ এসেছে সুইজারল্যান্ড, কেউ স্পেন থেকে। নিঃসন্দেহে ইউরোপের পশ্চিমী শক্তি। সকলের পছন্দ আলাদা। ত্রয়ীর মধ্যে নিজেকে অবাঞ্ছিত সন্তান মনে হত। নিজেকেই প্রশ্ন করতাম, কেন এ রকম মনে হয়। খুব কষ্ট লাগত। 

তিনি জানান, নিজেকে এক সময় বদলে ফেলেছিলেন। তাতেও সুবিধা করতে পারেননি। তার কথায়, ভেবেছিলাম নিজের আচরণ বদলে ফেলে লোকের ভালবাসা জয় করে নেব। তাতেও সফল হইনি। আসলে আমি এমন একজন মানুষ যার অনেক খুঁত রয়েছে। তা সত্ত্বেও আমি হৃদয় দিয়ে, সদিচ্ছার সঙ্গে বাঁচার চেষ্টা করেছি বরাবর।

জোকোভিচ বলেন, কোর্টে যতই শত্রুতা থাক, ফেডেরার বা নাদালের সঙ্গে কখনওই বন্ধুত্বের সম্পর্ক হারিয়ে যায়নি।  তার কথায়, কেউ আমার সবচেয়ে বড় শত্রু মানেই তার ক্ষতি চাই, ঘৃণা করি বা অন্য কোনও ভাবে তাদের হারানোর চেষ্টা করি, এমন ইচ্ছা কখনই ছিল না। আমরা জেতার জন্য খেলতাম। যে ভাল খেলত সেই জিতত।

আরও পড়ুন

জোকোভিচ আরও সংযোজন করে বলেন, বরাবর ফেডেরার এবং নাদালকে সমীহ করেছি। কখনও ওদের নিয়ে খারাপ কথা বলিনি এবং বলবও না। ওদের থেকে এখনও শিখি। নাদালের সঙ্গে আমার সম্পর্ক বেশি ভাল।


আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission