উইম্বলডনে ১৪৮ বছরের পুরনো নিয়মে বদল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ৩০ জুন ২০২৫ , ১২:৩৮ পিএম


উইম্বলডন নিয়মে বদল
ছবি: সংগৃহীত

উইম্বলডনের এবারের আসরে একটি নিয়ম পরিবর্তন করা হয়েছে। আর তা হলো কোনও লাইন জাজ থাকবেন না। অল ইংল্যান্ড কর্তৃপক্ষ ১৪৮ বছরের পুরনো নিয়ম বদল করেছেন। সেই সাথে এ বারের প্রতিযোগিতায় পুরস্কারের মূল্যও বেড়ে যাচ্ছে। 

উইম্বলডনে লাইন জাজ বদলে নিয়ে আসা হচ্ছে ‘ইলেকট্রনিক লাইন কলিং’ প্রযুক্তি। অর্থাৎ, এ বার থেকে আর ‘ফল্ট’ বা ‘আউট’ চিৎকার মানুষের মুখে শুনতে পাওয়া যাবে না। বদলে একটা যন্ত্র সে কথা বলবে। এই প্রযুক্তি আসায় এ বার থেকে আর লাইন জাজের সিদ্ধান্তের বিরুদ্ধে খেলোয়াড়দের প্রতিবাদ করার বিশেষ জায়গা থাকবে না। 

কারণ, পুরোটাই প্রযুক্তির মাধ্যমে ঘটবে। যাতে প্রযুক্তিতে কোনও ত্রুটি না হয় তার জন্য উইম্বলডনের সব কোর্ট মিলিয়ে মোট ৪৫০টি ক্যামেরা বসানো হয়েছে। 

আগেই আরও দুই গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেনে লাইন জাজের বদলে ‘ইলেকট্রনিক লাইন কলিং’ প্রযুক্তি শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ, একমাত্র ফরাসি ওপেনেই এখন লাইন জাজ থাকবে। লাল সুরকির কোর্টের বলের চিহ্ন তৈরি হওয়ায় লাইন জাজদের সুবিধা হয়। তাই সেখানে কোনও সমস্যা হওয়ার কথা নয়।

উইম্বলডনে ৩০০ লাইন জাজ কাজ করেন। এ বার সংখ্যাটা ৮০-তে নামানো হয়েছে। এই ৮০ জনকে বলা হবে ‘ম্যাচ অ্যাসিস্ট্যান্ট’। প্রতিটা কোর্টে দু’জন করে থাকবেন। তাদের কাজ হবে চেয়ার আম্পায়ারকে সাহায্য করা। যদি কোনও কারণে ‘ইলেকট্রনিক লাইন কলিং’ প্রযুক্তি খারাপ হয়ে যায়, তখন তারা কাজ করবেন।

‘অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব’-এর সিইও স্যালি বোল্টন জানিয়েছেন, এই বদলের প্রয়োজন ছিল। তিনি বলেন, যে ভাবে প্রযুক্তির উন্নতি হচ্ছে এবং বিভিন্ন প্রতিযোগিতায় তার ব্যবহার হচ্ছে তাতে উইম্বলডনেও এই বদল জরুরি ছিল। এতে খেলোয়াড়দের মনের সংশয় আর থাকবে না। প্রযুক্তির ব্যবহার হওয়ায় ভুলের সম্ভাবনা থাকবে না।

এ বারের উইম্বলডনে মোট পুরস্কার মূল্য ৬২২ কোটি টাকা। গত বারের তুলনায় যা ৭ শতাংশ বেশি। প্রতিযোগিতার ইতিহাসে এই পুরস্কার মূল্য রেকর্ড। এ বার পুরুষ ও মহিলাদের সিঙ্গেলস চ্যাম্পিয়ন পুরস্কার মূল্য বাবদ ৩৫ কোটি টাকা করে পাবেন। গত বারের পুরুষদের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ ও মহিলাদের চ্যাম্পিয়ন বারবোরা ক্রেচিকোভা যা পেয়েছিলেন তার থেকে এ বার ১১.১ শতাংশ বেশি টাকা পাবেন চ্যাম্পিয়নরা।  

শুধু চ্যাম্পিয়নরা নন, প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেও ৭৭ লক্ষ টাকা করে পাবেন খেলোয়াড়েরা, যা গত বারের তুলনায় ১০ শতাংশ বেশি। ডাবলস (৪.৪ শতাংশ), মিক্সড ডাবলস (৪.৩ শতাংশ) ও হুইলচেয়ার ইভেন্টে (৫.৬ শতাংশ) চ্যাম্পিয়নদের পুরস্কার মূল্যও গত বারের তুলনায় বাড়ছে। বিশ্বের প্রথম সারির টেনিস তারকারা গ্র্যান্ড স্ল্যামে পুরস্কার মূল্য বৃদ্ধি করার দাবি করেছিলেন। তাদের দাবি মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আরও পড়ুন

ফাইনালের সময়ের পরিবর্তন হয়েছে। ডাবলস ও মিক্সড ডাবলসের ফাইনাল স্থানীয় সময় দুপুর ১টা ও সিঙ্গলস ফাইনাল স্থানীয় সময় বিকাল ৪টা থেকে শুরু হবে। ফলে খেলা শেষ হতে হতে মধ্যরাত হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে রাতে আলোর নীচে খেলতে হবে প্রতিযোগীদের। 

আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission