ভারতের উদীয়মান অলরাউন্ডার নিতিশ কুমার রেড্ডির সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। মাঠের ইনজুরি থেকে পুরোপুরি সেরে ওঠার আগেই এবার আইনি জটিলতায় পড়েছেন ২২ বছর বয়সী এই ক্রিকেটার। বাঁ পায়ের চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ থেকে ছিটকে পড়ার পর তিনি দেশে ফিরেছেন। আর দেশে ফিরেই শুনলেন আরও একটি দুঃসংবাদ—তার বিরুদ্ধে দায়ের হয়েছে ৫ কোটি রুপির একটি মামলা।
বেঙ্গালুরু-ভিত্তিক প্রতিভা ব্যবস্থাপনা সংস্থা স্কয়ার দ্য ওয়ান প্রাইভেট লিমিটেড এই মামলাটি করেছে। প্রতিষ্ঠানটির দাবি, ২০২১ সালে তারা নিতিশের সঙ্গে তিন বছরের একটি চুক্তি করে, যার আওতায় তাকে সামাজিক মাধ্যমে নিয়মিত প্রচারকাজে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু ২০২৩ সালের ডিসেম্বর থেকে নিতিশ আর কোনো প্রচারণায় অংশ নিচ্ছেন না। এমনকি বোর্ডার-গাভাস্কার ট্রফি চলাকালীন সময়েই তিনি একতরফাভাবে চুক্তি বাতিল করেন।
এই অভিযোগের ভিত্তিতে ভারতের দিল্লি হাইকোর্টে মামলাটি দায়ের করা হয়েছে সালিশী ও মীমাংসা আইন ১৯৯৬-এর ১১(৬) ধারায়। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও নিউজ ১৮ মামলার বিষয়টি নিশ্চিত করেছে। নিউজ ১৮-এর তথ্যমতে, মামলাটি স্বীকার করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক শিব ধাওয়ান, যদিও বিস্তারিত কিছু জানাননি তিনি। আগামীকাল মামলাটির শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইনজুরি আর আইনি জটিলতার বাইরে মাঠের পারফরম্যান্সেও কিছুটা ব্যর্থ হচ্ছেন নিতিশ। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় টেস্টে দুই ম্যাচে তার সংগ্রহ মাত্র ৪৫ রান ও ৩ উইকেট, যা প্রত্যাশার তুলনায় অনেক কম।
সব মিলিয়ে, ব্যক্তিগত ও পেশাদার জীবনের চ্যালেঞ্জে কঠিন সময় পার করছেন ভারতের এই তরুণ প্রতিভাবান অলরাউন্ডার।
আরটিভি/এসকে




