এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের আশা জিইয়ে রেখেছে বাংলাদেশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ডু অর ডাই ম্যাচে আফগানদের ৮ রানে হারায় লিটন দাসের দল। এই জয়ে শুধু টুর্নামেন্টে টিকে থাকাই নয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) র্যাংকিংয়েও সুখবর পেয়েছে টাইগাররা।
বুধবার (১৭ সেপ্টেম্বর) প্রকাশিত হালনাগাদকৃত আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বাংলাদেশ একধাপ এগিয়ে নবম স্থানে উঠেছে। গতকালের জয়ে রেটিং পয়েন্ট বেড়ে আফগানিস্তানের সমান (২২২) হলেও মোট পয়েন্টে এগিয়ে থেকে টাইগাররা নবম স্থানে জায়গা করে নিয়েছে। বাংলাদেশের পয়েন্ট এখন ১২,২২৩ আর আফগানিস্তানের ৮,২১৩। ফলে আফগানরা একধাপ পিছিয়ে দশে নেমে গেছে।
টি-টোয়েন্টি দলগত র্যাংকিংয়ে ২৭১ রেটিং নিয়ে শীর্ষে রয়েছে ভারত। দুই নম্বরে অস্ট্রেলিয়া (২৬৬), তিন নম্বরে ইংল্যান্ড (২৫৭)। এরপর যথাক্রমে নিউজিল্যান্ড (৪র্থ), দক্ষিণ আফ্রিকা (৫ম), ওয়েস্ট ইন্ডিজ (৬ষ্ঠ), শ্রীলঙ্কা (৭ম) এবং পাকিস্তান (৮ম) অবস্থান করছে।
এশিয়া কাপে বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করলেও পরের ম্যাচে হেরে যায় শ্রীলঙ্কার কাছে। এতে সুপার ফোরের পথ কঠিন হয়ে পড়লেও আফগানিস্তানের বিপক্ষে জয়ে আবারো সেই স্বপ্ন বাঁচল। এখন বাংলাদেশ নির্ভর করছে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের ওপর।
শ্রীলঙ্কা যদি জেতে, তাহলে সহজেই সুপার ফোরে যাবে বাংলাদেশ। তবে আফগানিস্তান জিতলে রান রেটের হিসাব নির্ধারণ করবে কে যাবে শেষ চারে। উদাহরণস্বরূপ, আফগানিস্তান আগে ব্যাট করে ২০০ তুললে, শ্রীলঙ্কাকে অন্তত ১২৮ রান করতে হবে। আবার আফগানরা ১৫০ করলে শ্রীলঙ্কার করতে হবে মাত্র ৮৪। আর শ্রীলঙ্কা আগে ব্যাট করলে, বাংলাদেশকে সুপার ফোরে তুলতে আফগানিস্তানকে ম্যাচ শেষ করতে হবে ১১ থেকে ১২ ওভারের মধ্যে। টাইগারদের ভাগ্য এখন নির্ভর করছে শ্রীলঙ্কা-আফগানিস্তানের ম্যাচের ওপর।
আরটিভি/এসকে/এস




