এশিয়ান কাপ বাছাই

পরাজয়ের স্বাদ নিয়ে হংকং গেল জামালরা 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ , ০১:২১ পিএম


বাংলাদেশ জাতীয় ফুটবল দল
ছবি: সংগৃহীত

এশিয়ান কাপ বাছাইপর্বে ফিরতি ম্যাচ খেলতে হংকংয়ের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শুক্রবার (১০ অক্টোবর) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয় জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন লাল-সবুজ শিবির। ঘরের মাঠে হংকংয়ের কাছে পরাজয়ের পর এবার নিজেদের ভুল শুধরে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই বিদেশের মাটিতে নামবে বাংলাদেশ।

সি গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে হংকং, ভারত ও সিঙ্গাপুর। ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে হার বাংলাদেশের জন্য বড় ধাক্কা হলেও এখনো টিকে আছে এশিয়ান কাপে খেলার আশা। কারণ, সিঙ্গাপুর ও ভারতের ম্যাচ ড্র হওয়ায় এখনো কাগজে-কলমে সুযোগ রয়েছে জামালদের সামনে।

তবে কঠিন এক সমীকরণ এখন বাংলাদেশের সামনে। মূল পর্বে জায়গা করে নিতে হলে লাল-সবুজদের বাকি তিনটি ম্যাচেই জয়ের বিকল্প নেই। শুধু তাই নয়, তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলাফলের দিকেও। বিশেষ করে সিঙ্গাপুরের পারফরম্যান্স বাংলাদেশের ভাগ্য অনেকটাই নির্ধারণ করবে।

যদি সিঙ্গাপুর বাংলাদেশ ও অন্য কোনো ম্যাচে হার বা ড্র করে, আর ভারত অন্তত একটি ম্যাচে পয়েন্ট হারায়, তাহলে বাংলাদেশের জন্য মূল পর্বের দরজা খুলে যেতে পারে।

বর্তমানে গ্রুপের শীর্ষে রয়েছে হংকং। তারা এখন পর্যন্ত দুটি ম্যাচে ভালো পারফরম্যান্স দেখিয়ে এগিয়ে আছে। সিঙ্গাপুর রয়েছে দ্বিতীয় স্থানে, ভারত তৃতীয়, আর বাংলাদেশ তালিকার নিচে।

বাংলাদেশ চাইবে হংকং যেন বাকি ম্যাচগুলোতেও জেতে শুধু বাংলাদেশের বিপক্ষে বাদে। এতে করে পয়েন্ট টেবিলে হংকং শীর্ষে থেকে গেলে অনুকূল ফলাফলে বাংলাদেশ দ্বিতীয় হয়ে এশিয়ান কাপে জায়গা করে নিতে পারে।

হংকং পৌঁছে তিন দিনের অনুশীলনের সুযোগ পাবে জামাল ভূঁইয়ার দল। স্থানীয় আবহাওয়া ও মাঠের সঙ্গে মানিয়ে নিতে এই সময়টিকে কাজে লাগাতে চায় কোচ ও খেলোয়াড়রা।

১৪ অক্টোবর হংকংয়ের মাঠে অনুষ্ঠিত হবে দু’দলের ফিরতি লড়াই। এরপর ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাছাইপর্বের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ৩১ মার্চ ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে।

দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ঘরের মাঠে আমরা ভালো ফল পাইনি, কিন্তু সামনে সুযোগ আছে ঘুরে দাঁড়ানোর। সবাই জয়ের জন্য প্রস্তুত। আমরা আমাদের সামর্থ্যের সেরাটা দিতে চাই।

আরও পড়ুন

বাংলাদেশের জন্য এখন প্রতিটি ম্যাচ কার্যত ‘নকআউট পর্বের’ মতো। একটি জয় মানে এশিয়ান কাপে খেলার টিকিটের আশা জাগ্রত রাখা, আর সামান্য ভুলেই শেষ হয়ে যেতে পারে সেই স্বপ্ন। তাই নতুন উদ্যম ও দৃঢ় প্রত্যয়ে হংকং মিশনে নামছে জামাল-হামজারা।

আরটিভি/এসকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission