বড় জয়ে লাতিন-বাংলা সুপার কাপে শুভসূচনা ব্রাজিলের সাও বার্নার্দোর

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫ , ১২:৫৫ পিএম


বড় জয়ে লাতিন-বাংলা সুপার কাপে শুভসূচনা ব্রাজিলের সাও বার্নার্দোর
লাতিন-বাংলা সুপার কাপে শুভসূচনা ব্রাজিলের সাও বার্নার্দোর । ছবি: সংগৃহীত

বাংলাদেশের রেড এন্ড গ্রিন ফিউচার স্টারস দলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ‘এএফবি লাতিন বাংলা সুপার কাপ’ এর যাত্রা শুরু করলো ব্রাজিলের সাও বার্নার্দো ফুটবল ক্লাব। 

বিজ্ঞাপন

শুক্রবার (৫ ডিসেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে দুই গোল এবং দ্বিতীয়ার্ধে আরও দুই গোল দিয়ে দাপুটে জয় নিশ্চিত করে অতিথিরা।

ম্যাচের শুরুতেই উভয় দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে। ৫ মিনিটেই ফ্রি কিক থেকে পাওয়া রিবাউন্ডে সুযোগ পেয়েছিল বাংলাদেশের রেড এন্ড গ্রিন ফিউচার স্টারস, যদিও শটটি লক্ষ্যভ্রষ্ট হয়। দুই মিনিট পরই ব্রাজিলের দলের ডি বক্সে অনুপ্রবেশ ঠেকাতে সফল হয় বাংলাদেশের রক্ষণভাগ। তবে, ৯ মিনিটে বাংলাদেশের গোলরক্ষক আলিফ রহমানের দুর্দান্ত নৈপুণ্যে ব্রাজিলের নিশ্চিত গোলের সুযোগ নষ্ট হয়।

বিজ্ঞাপন

১৯ মিনিটে কর্নার থেকে হেড ক্রসবারের উপর দিয়ে যাওয়ায় আরও একটি সুযোগ হারায় সাও বার্নার্দো। ২৫ মিনিটে তাদের আরও একটি প্রচেষ্টা ব্যর্থ করে দেন গোলরক্ষক আলিফ। তবে, ২৮ মিনিটে আর ভুল হয়নি। গুস্তাভো বাংলাদেশের রক্ষণ ভেঙে বিপজ্জনকভাবে ঢুকে পড়েন এবং বল বাড়িয়ে দেন মুরিওকে, যিনি সহজেই জালে বল জড়িয়ে ব্রাজিলকে ১-০ গোলে লিড এনে দেন।

আরও পড়ুন

এর মিনিট তিনেক পরই ম্যাচে সমতায় ফেরার বড় সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। ৩১ মিনিটে ডান প্রান্ত থেকে গোলরক্ষককে একা পেয়েও শট না নিয়ে সুযোগ হাতছাড়া করেন মানিক। এই সুযোগ কাজে লাগাতে না পারার পরই উল্টো ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সাও বার্নার্দো ফুটবল ক্লাব।

বিজ্ঞাপন

৩৬ মিনিটে নিজের ঝলক দেখান বাংলাদেশের বীতশোক চাকমা। বাম প্রান্ত থেকে ব্রাজিলের তিন ফুটবলারকে কাটিয়ে তিনি দুর্দান্ত শট নিলেও সাও বার্নার্দোর গোলরক্ষক বাঁদিকে ঝাঁপিয়ে স্বাগতিক সমর্থকদের হতাশ করেন।

শেষ পর্যন্ত ২-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধের খেলা শেষ করে ব্রাজিলের দলটি। বিরতির পর আক্রমণ আরও জোরদার করে সাও বার্নার্দো। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ায় তারা। 

ক্যাসপার হক ভিয়ানাকে ফাউল করায় রেফারি পেনাল্টির বাঁশি বাজালে ৫১ মিনিটে স্পট কিক থেকে গোল করেন ভিয়ানা, স্কোর দাঁড়ায় ৩-০। ৬৫ মিনিটে আরও এক গোল হজম করে রেড এন্ড গ্রিন ফিউচার স্টারস। ডান প্রান্ত থেকে ভিথিনো বাংলাদেশের ডিফেন্স ও গোলরক্ষককে বোকা বানিয়ে বল জালে জড়ান, ফলাফল দাঁড়ায় ৪-০।

ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল বাংলাদেশও। ৭৪ মিনিটে বীতশোক চাকমার হেড ক্রসবারের উপর দিয়ে চলে যায়। ৮৩ মিনিটে বাংলাদেশের আরেকটি প্রচেষ্টা দুর্ভাগ্যজনকভাবে ব্যর্থ হয়, যখন রিফাত কাজীর নেওয়া শট সাইড পোস্টে লেগে ফিরে আসে। শেষ পর্যন্ত, ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিলের সাও বার্নার্দো ফুটবল ক্লাব।

এর আগে খেলা শুরুর আগে জাতীয় স্টেডিয়ামে ‘লাতিন বাংলা সুপার কাপের’ ট্রফি উন্মোচন করা হয়। ট্রফি উন্মোচন করেন আয়োজক প্রতিষ্ঠান এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক এমডি আসাদুজ্জামান।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission