বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে খেলবে না এমন চূড়ান্ত সিদ্ধান্তের পর আন্তর্জাতিক ক্রিকেটে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এই সিদ্ধান্তের কথা স্পষ্টভাবে জানান।
বাংলাদেশের এই অবস্থানের পর পাকিস্তানকেও একই পথে হাঁটার আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক ও উইকেটকিপার ব্যাটসম্যান রশিদ লতিফ। তার মতে, বাংলাদেশ যদি ভারতে খেলতে না যায়, তাহলে পাকিস্তানেরও টুর্নামেন্ট বয়কট করা উচিত। এতে টি-টোয়েন্টি বিশ্বকাপ বড় সংকটে পড়বে বলে মনে করেন তিনি।
বাংলাদেশের সিদ্ধান্তের পরপরই ‘কট বিহাইন্ড’ নামের একটি ইউটিউব শোতে কথা বলেন লতিফ। ১৯৯২ থেকে ২০০৩ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে খেলা এই সাবেক ক্রিকেটার বলেন, পাকিস্তানের এ বিষয়ে হস্তক্ষেপ করা উচিত। পাকিস্তান যদি এখন বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বয়কট করে, তাহলে এই বিশ্বকাপ বড় বিপদে পড়বে। বাংলাদেশ একবার সিদ্ধান্ত নিলে তা বাস্তবায়ন করেই ছাড়ে। তারা দেখিয়েছে যে বাংলাদেশের জন্য ভারত নিরাপদ দেশ নয় আইসিসি, বিজেপি বা বিসিসিআই যা-ই বলুক না কেন।
তিনি আরও বলেন, এখনই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পদক্ষেপ নেওয়ার সময়। এর চেয়ে ভালো সুযোগ আর আসবে না। পাকিস্তান যদি এখন বাংলাদেশের পাশে দাঁড়িয়ে না খেলে, তাহলে এই বিশ্বকাপ শেষ হয়ে যাবে।
অনুষ্ঠানে সঞ্চালক নোমান নিয়াজ বিশ্বকাপ বয়কট করলে পাকিস্তানের আর্থিক ক্ষতির বিষয়টি তুলে ধরলে লতিফ বলেন, বড় সিদ্ধান্ত নিতে গেলে আইসিসির অনুদানের কথা ভাবলে চলবে না। বাংলাদেশ সেটা করে দেখিয়েছে। ২১ বছর নিষিদ্ধ থাকার পরও দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ধ্বংস হয়ে যায়নি।
এর আগের দিন বুধবার ‘কট বিহাইন্ড’ অনুষ্ঠানে লতিফ বলেন, ভারত-পাকিস্তান ম্যাচ না হলে বিশ্বকাপের আয় প্রায় ৫০ শতাংশ কমে যাবে। বর্তমান ক্রিকেট ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানানোর জন্য এটিই উপযুক্ত সময় বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে বৃহস্পতিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রশিদ লতিফ লেখেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতকে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য নিরাপদ দেশ নয় বলে উল্লেখ করে ভারতে খেলতে অস্বীকৃতি জানিয়েছে। সীমিত শক্তি থাকা সত্ত্বেও বাংলাদেশ আইসিসিকে চ্যালেঞ্জ জানিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড কি একই ধরনের অবস্থান নেওয়ার সক্ষমতা রাখে?
বাংলাদেশের সিদ্ধান্ত ও লতিফের মন্তব্য ঘিরে এখন আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে বিতর্ক ও আলোচনা তৈরি হয়েছে।
আরটিভি/এসকে



