স্বাগতিকদের বাড়তি সুযোগ দিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে সূচি পরিবর্তন করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নতুন সূচি অনুযায়ী, সেমিফাইনালে উঠতে পারলে নিজেদের মাঠে খেলার সুযোগ তৈরি হয়েছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের সামনে।
তবে সেই সুযোগ নিশ্চিত করতে হলে নির্ভর করবে শ্রীলঙ্কার প্রতিপক্ষ কারা হবে এবং সুপার এইট থেকে তারা কীভাবে সেমিফাইনালে পৌঁছায় তার ওপর। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, শ্রীলঙ্কা যদি সেমিফাইনালে উঠে এবং ভারত জাতীয় ক্রিকেট দল বা পাকিস্তান জাতীয় ক্রিকেট দল ছাড়া অন্য কোনো দলের বিপক্ষে পড়ে, তাহলে ম্যাচটি হবে কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে।
আইসিসি তাদের আগের ঘোষিত সময়সূচি সংশোধন করে এই নতুন ব্যবস্থা কার্যকর করেছে। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কার জন্য এটিকে বড় সুযোগ হিসেবেই দেখা হচ্ছে।
আইসিসি বিষয়টি জানিয়ে সব অংশগ্রহণকারী দলকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। সেখানে সেমিফাইনালের ভেন্যু নিয়ে একাধিক সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে। চিঠিতে বলা হয়, সেমিফাইনাল-১ একটি ফ্লোটিং ম্যাচ। এটি কলম্বো বা কলকাতায় অনুষ্ঠিত হতে পারে। পাকিস্তান সেমিফাইনালে উঠলে তারা ৪ মার্চ কলম্বোতেই সেমিফাইনাল-১ খেলবে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, পাকিস্তান সেমিফাইনালে না উঠলেও শ্রীলঙ্কা উঠলে এবং তারা ভারত ছাড়া অন্য কোনো দলের বিপক্ষে খেললে, সেমিফাইনাল-১ হবে কলম্বোতে।
আর যদি পাকিস্তান ও শ্রীলঙ্কা কেউই সেমিফাইনালে না ওঠে, তাহলে সেমিফাইনাল-১ হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ভারতের সেমিফাইনাল ম্যাচ, প্রতিপক্ষ যেই হোক না কেন, নির্ধারিত রয়েছে ওয়াংখেড়েতেই। তবে ভারত যদি পাকিস্তানের মুখোমুখি হয়, সে ক্ষেত্রে ম্যাচটি হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।
উল্লেখ্য, সুপার এইটে শ্রীলঙ্কা ও পাকিস্তান একই গ্রুপে থাকায় সেমিফাইনালে তাদের মুখোমুখি হওয়ার কোনো সম্ভাবনা নেই। ফলে নিজেদের মাঠে সেমিফাইনাল খেলতে চাইলে শ্রীলঙ্কাকে কার্যত পাকিস্তানের বিদায়ের দিকেই তাকিয়ে থাকতে হবে। গত বছর ঘোষিত আইসিসির সূচিতে পাকিস্তানের জন্য শ্রীলঙ্কায় সেমিফাইনালের ব্যবস্থা থাকলেও, শ্রীলঙ্কা নিজে সেমিফাইনালে উঠলে কী হবে সে বিষয়ে কিছু বলা হয়নি। নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে সেই শূন্যস্থান পূরণ করল আইসিসি।
আরটিভি/এসকে




