সুর্যকুমার যাদবের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাস কাটতে না কাটতেই নতুন লক্ষ্য ঠিক করে ফেলেছে ভারত। এখন তাদের চোখ ২০২৮ সালের অলিম্পিক গেমসে স্বর্ণপদক জয়ের দিকে।
ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর সংবাদ সম্মেলনে সূর্যকুমার বলেন, ২০২৮ সালের অলিম্পিকে ক্রিকেটে স্বর্ণপদক জেতাই এখন দলের পরবর্তী লক্ষ্য।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সূর্যকুমার বলেন, গত এক মাসের যাত্রাটা অসাধারণ ছিল। শুরুটা আমাদের প্রত্যাশামতো হয়নি, কিন্তু খেলাধুলায় এমনটা হয়ই। শেষ পর্যন্ত দল হিসেবে আমরা যা অর্জন করেছি, সেটা সবার সামনেই আছে। এখন আমাদের পরবর্তী লক্ষ্য অলিম্পিক স্বর্ণপদক।
দীর্ঘ ১২৮ বছর পর আবারও অলিম্পিক মঞ্চে ফিরছে ক্রিকেট। সর্বশেষ ১৯০০ সালের অলিম্পিকে এই খেলাটি অন্তর্ভুক্ত ছিল। আন্তর্জাতিক অলিম্পিক এর সিদ্ধান্ত অনুযায়ী, লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে পুরুষ ও নারী দুই বিভাগেই টি-টোয়েন্টি ফরম্যাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
২০২৮ সালের অলিম্পিকে ক্রিকেটে ছয়টি করে দল অংশ নেবে। প্রতিযোগিতাগুলো আয়োজন করা হবে ফেয়ারগ্রাউন্ডস স্টেডিয়ামে নির্মিত অস্থায়ী স্টেডিয়ামে। সূর্যকুমার বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ভারতের ক্রিকেটে বড় পরিবর্তন এসেছে। বিশেষ করে রোহিত শর্মার নেতৃত্বে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর দল নতুন ধাঁচের ক্রিকেট খেলতে শুরু করে।
তিনি আরও বলেন, ২০২৪ সালের পর থেকেই আমাদের খেলার ধরনে পরিবর্তন এসেছে। এরপর আমরা ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছি এবং এখন ২০২৬ বিশ্বকাপও জিতলাম। আমরা এই ধারাটা ২০২৭, ২০২৮ এবং তার পরেও ধরে রাখতে চাই।
বিশ্বকাপ জয়ের পর নতুন স্বপ্নের কথা জানিয়ে সূর্যকুমার স্পষ্ট করে দিয়েছেন ভারতের পরবর্তী বড় লক্ষ্য এখন অলিম্পিক মঞ্চে স্বর্ণপদক জেতা।
আরটিভি/এসকে




